
যশোরে ২১ লাখ টাকার ফিডের কাঁচামাল আত্মসাৎ, খুলনায় দম্পতি গ্রেপ্তার
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ

যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করে ২১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬০০ বস্তা পশুখাদ্যের কাঁচামাল আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস, সাতটি মোবাইল ফোন, এক লাখ ৩০ হাজার টাকা ও প্রতারণালব্ধ অর্থে কেনা একটি মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খালেক সরকার (৩৩) ও তাঁর স্ত্রী নীলা খাতুন (৩৬)। গত ২৭ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটে খুলনা জেলার খানজাহান আলী থানার মিরপাড়া জিনাতলা গ্রামের একটি ভাড়াবাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে খালেক সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরের নতুন উপশহর এলাকার একটি ভাড়াবাসা থেকে আরও দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, যশোরের সুলতানপুর গ্রামের রাজিবুল হক তূর্য্য এ ঘটনায় থানায় অভিযোগ করেন। গত ১৭ অক্টোবর সকাল ১১টা ৮ মিনিটে এক ব্যক্তি নিজেকে ঢাকার মহাখালীতে অবস্থিত প্যারাগন ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে গাজীপুরের ফারাজ ট্রেড ইন্টারন্যাশনালের কাছে ৬০০ বস্তা পশুখাদ্যের কাঁচামাল অর্ডার করেন। এর আনুমানিক বাজারমূল্য ছিল ২১ লাখ ৫০ হাজার টাকা। ওই মালামাল ২৩ অক্টোবর যশোরের কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া-জঙ্গলবাঁধাল এলাকায় প্যারাগন ফিডের নির্ধারিত স্থানে পৌঁছানোর কথা ছিল। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে শানতলা পেপসি গেট এলাকায় ‘আব্দুল কাইয়ুম’ নাম পরিচয় দেওয়া এক ব্যক্তি নিজেকে প্যারাগন ফিডের কর্মচারী দাবি করে মালামাল বহনকারী গাড়ির সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রতারক চক্রের সদস্যরা প্যারাগন ফিডের কর্মচারী পরিচয়ে ভুয়া ওয়ার্ক অর্ডার দেখিয়ে নছিমনে করে ৬০০ বস্তা কাঁচামাল নামিয়ে নিয়ে যায়। নির্ধারিত স্থানে মালামাল না পৌঁছালে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেন সংশ্লিষ্টরা। ২৫ অক্টোবর তাঁরা জানতে পারেন, প্যারাগন ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের মোবাইল নম্বর ক্লোন অথবা তাঁর পরিচয় ও যোগাযোগের তথ্য জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে মালামাল আত্মসাৎ করা হয়েছে। ভুয়া ওয়ার্ক অর্ডারে ‘এমডি খালেক সরকার’ নামে ডাচ্-বাংলা ব্যাংকের একটি হিসাবও উল্লেখ ছিল। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিঃ) দেবব্রত ঘোষের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে খালেক সরকার ও নীলা খাতুনকে গ্রেপ্তার করে। তাঁদের হেফাজত থেকে একটি জিপি সিম সংযুক্ত পকেট রাউটার, সাদা কাগজে মোড়ানো দুটি এয়ারটেল ও চারটি রবি সিম, একটি অপো এ৬ ও একটি রেডমি এ৭ প্রো মোবাইল ফোন এবং নেভি ব্লু রঙের একটি সুজুকি জিক্সার ২৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে খালেক সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিটে যশোরের কোতয়ালী মডেল থানাধীন নতুন উপশহর এলাকার একটি ভাড়াবাসা থেকে একটি ভিভো ওয়াই৫০ই ও একটি সিম্ফনি ম্যাক্স ১০ মোবাইল ফোন এবং নগদ এক লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার খালেক সরকারের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। উদ্ধার করা আলামতগুলো প্রতারণার কাজে ব্যবহৃত এবং প্রতারণার অর্থ দিয়ে কেনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।























