বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

জরুরি ব্যবস্থা নিতে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

পটিয়ায় ভবনের উপর আরেকটি ভবনের হেলে পড়ার অভিযোগ, আতঙ্কে ভাড়াটিয়ারা

reporter

মাইনুল খান

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ


পটিয়ায় ভবনের উপর আরেকটি ভবনের হেলে পড়ার অভিযোগ, আতঙ্কে ভাড়াটিয়ারা

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি বহুতল ভবন পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে পাশের ছয়তলা হালিমা ম্যানশনের বিভিন্ন ফ্ল্যাটের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে ভবনটির চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার কয়েকটি ফ্ল্যাটে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাড়াটিয়ারা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ভবনটির মালিক আহমদ উল্লাহ। এ ঘটনায় জরুরি প্রতিকার চেয়ে পটিয়া পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে আহমদ উল্লাহ উল্লেখ করেন, আকস্মিক ভূমিকম্পের পর পাশের ভবনটি তাঁর মালিকানাধীন হালিমা ম্যানশনের দিকে হেলে পড়ে। এতে তাঁর ভবনের বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি একাধিকবার পাশের ভবনের মালিককে জানানো হলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

ভবনমালিক আহমদ উল্লাহ জানান, হালিমা ম্যানশনের উত্তর পাশের চতুর্থ তলার বি নম্বর ফ্ল্যাটের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। একইভাবে দক্ষিণ পাশের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার কয়েকটি ফ্ল্যাটের দেয়ালেও ফাটল সৃষ্টি হয়েছে। তাঁর দাবি, পাশের ভবনটি হেলে পড়ার কারণেই এসব ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে ভাড়াটিয়াদের অনেকে বাসা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন। ভবনটির ভাড়া থেকেই তাঁর জীবিকা নির্বাহ হয় বলেও জানান তিনি।

আহমদ উল্লাহর দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে আসলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে হেলে পড়ার অভিযোগ ওঠা ভবনটি দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে পাশের ভবনের মালিক মো. হাসান জানান, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল থাকাকালে একজন প্রকৌশলী ভবনটি পরিদর্শন করেছিলেন। তখন প্রকৌশলীরা তাঁকে জানিয়েছিলেন, তাঁর ভবনটি হেলে পড়েনি; বরং হালিমা ম্যানশন ভবনেই সমস্যা রয়েছে।

এ বিষয়ে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, হালিমা ম্যানশন ছাড়াও এ ধরনের আরও কয়েকটি ভবনের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মাইনুল খান / এমএসএম

Link Copied