
১৩ কেন্দ্রে পরীক্ষা শেষ, ৩ দিন পর একই প্রশ্নে পরীক্ষা নিল এক কেন্দ্র
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩টি কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার তিন দিন পর স্থগিত থাকা একটি কেন্দ্রে একই প্রশ্নপত্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট নেওয়া হয়েছে। এতে পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের মধ্যে সমান সুযোগ নিশ্চিত করা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা।
গত রোববার (২২ নভেম্বর) উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ১৯ নভেম্বর একই বিষয়ের পরীক্ষা উপজেলার অন্য ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।
সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর ‘প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িসহ মহেশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়। অন্য ১৩টি কেন্দ্রে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়।
তিন দিন পর ২২ নভেম্বর স্থগিত পরীক্ষাটি নেওয়া হয়। এতে মহেশপুর ইউনিয়নের ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। তবে এ পরীক্ষায় ১৯ নভেম্বর অন্য কেন্দ্রগুলোতে ব্যবহৃত একই প্রশ্নপত্র দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন, অন্য কেন্দ্রগুলোতে পরীক্ষা শেষ হওয়ার তিন দিন পর একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় জয়নগর কেন্দ্রের শিক্ষার্থীরা প্রশ্ন সম্পর্কে আগে থেকে জানার সুযোগ পেয়েছে। এতে পরীক্ষার স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে অন্য কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি হয়েছে।
জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মামনুর রশিদ একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘সময় স্বল্পতার কারণে নতুন করে প্রশ্নপত্র করা সম্ভব হয়নি। তাই আগের প্রশ্নপত্র দিয়েই স্থগিত পরীক্ষাটি নেওয়া হয়েছে।’
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখব।’



















