শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

নির্মল বাতাস ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে চায় সরকার: পর্যটনমন্ত্রী

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ


নির্মল বাতাস ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে চায় সরকার: পর্যটনমন্ত্রী

২৮ নভেম্বর ২০২৬: নির্মল বাতাসে শ্বাস নেওয়া এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণের সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলে ‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে আয়োজিত মিডিয়া রান-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পর্যটন মানে শুধু নতুন নতুন জায়গা ভ্রমণ নয়; বরং প্রকৃতিকে জানা, দেশকে চেনা এবং সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া। বাংলাদেশের পাহাড়, সমুদ্র, নদী, হাওর, বন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বৈচিত্র্যময় সংস্কৃতি অমূল্য সম্পদ। এসব সম্পদ সংরক্ষণের মাধ্যমেই পর্যটনশিল্পের টেকসই বিকাশ সম্ভব।
তিনি বলেন, পর্যটনের উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।
পর্যটন খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে অন্তর্ভুক্ত করে প্রণীত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। এ সময় তিনি হাতিরঝিলের মতো কক্সবাজারসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রেও মিডিয়া রানের মতো সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।
এর আগে শনিবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে মিডিয়া রান-২০২৬ শুরু হয়। এতে প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার রানার অংশ নেন। প্রতিযোগিতায় ৭ দশমিক ৫ কিলোমিটার রান এবং ২ কিলোমিটার ফান রান—দুটি ক্যাটাগরি রাখা হয়। সাংবাদিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজনটি পর্যটন প্রচার, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠান শেষে তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পর্যটনমন্ত্রী। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

Link Copied