শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

তারেক রহমানের ৬২তম জন্মদিনে জবি ছাত্রদলের ফল উৎসব, বৃক্ষরোপণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ

reporter

মোঃ তরিকুল ইসলাম,জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ


তারেক রহমানের ৬২তম জন্মদিনে জবি ছাত্রদলের ফল উৎসব, বৃক্ষরোপণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন জনকল্যাণমুখী ও সৃজনশীল কর্মসূচি হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। শনিবার (২০ নভেম্বর) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মো. মোজাম্মেল মামুন ডেনি সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মসূচির অংশ হিসেবে আগামী ২২ নভেম্বর (রবিবার) ক্যাম্পাসে ৬২ প্রকারের ফল নিয়ে ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ দিতে ওই দিন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে ক্রীড়াসামগ্রীও বিতরণ করা হবে।

এ ছাড়া ২৩ নভেম্বর (সোমবার) পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি গাছ রোপণ করা হবে।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন কর্মসূচিগুলো ঘোষণা করেন। নেতারা জানান, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, দেশ গঠনের ইতিবাচক রাজনীতি এবং সবুজ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার দর্শন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর জন্মদিনকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে অর্থবহ ও জনকল্যাণমুখী করতেই এ উদ্যোগ।

নেতারা আরও জানান, ক্যাম্পাসে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ ক্রীড়াচর্চা জোরদার করার পাশাপাশি পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়েই কর্মসূচিগুলো পালিত হবে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

মোঃ তরিকুল ইসলাম,জবি প্রতিনিধি / এমএসএম

Link Copied