
মেডিকেল টেকনোলজি কোর্স পুনরায় চালুর দাবির বিরোধিতা ডি-ফ্যাবের
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মেডিকেল টেকনোলজি ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকারিগরি কোর্স পুনরায় চালুর দাবির বিরোধিতা করেছে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)। সংগঠনটি বলেছে, স্বাস্থ্যশিক্ষার মান, পেশাগত যোগ্যতা ও জনস্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন, অভিজ্ঞ শিক্ষক, মানসম্মত পাঠ্যক্রম,পর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ এবং পেশাগত নিবন্ধন নিশ্চিত না করে এ ধরনের শিক্ষাক্রম পরিচালনা করা উচিত নয়।মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় কমিটি, ঢাকার সভাপতি মো. আসাদুল্লাহ মিয়া ও মহাসচিব মো. নাজমুল হুদা স্বাক্ষরিত এক যৌথ প্রতিবাদ ও বিবৃতিতে এসব কথা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী জাতীয় সংসদে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পূর্বে পরিচালিত মেডিকেল টেকনোলজি ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকারিগরি কোর্স পুনরায় চালুর দাবি জানিয়েছেন। তবে এ দাবির সঙ্গে সংশ্লিষ্ট জনস্বাস্থ্য, রাষ্ট্রের নীতিনির্ধারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের পেশাগত নিরাপত্তার বিষয়টি গভীরভাবে জড়িত।
সংগঠনটির মতে, ২০০৭ সালে মেডিকেল টেকনোলজি ও টেকনিশিয়ান প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হওয়ার বিষয়টি ভুলে গিয়ে পুনরায় একই ধরনের কোর্স চালুর দাবি গ্রহণযোগ্য নয়। অতীতে এসব কোর্সের শিক্ষাগত মান,ভর্তি যোগ্যতা, পাঠ্যক্রম, ব্যবহারিক প্রশিক্ষণ ও পেশাগত স্বীকৃতি নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছিল,সেগুলোর সমাধান ছাড়া পুনরায় কার্যক্রম চালু করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।বিবৃতিতে আরও বলা হয়,২০২০ সালের ১০ ফেব্রুয়ারি কারিগরি শিক্ষা বোর্ডের নাসিং ও মেডিকেল টেকনোলজি কোর্সসংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন নতুন কোর্স চালুর বিষয়ে বিজ্ঞপ্তি এবং পরবর্তী সময়ে ৪ নভেম্বর ২০২০ সালের সরকারি গেজেটের মাধ্যমে কারিগরি শিক্ষা বোর্ড আইন,২০১৮-এর তফসিল সংশোধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে সংসদে আলোচনার আগে সংশ্লিষ্ট আইন, আদালতের নির্দেশনা ও প্রশাসনিক সিদ্ধান্ত পর্যালোচনা করা জরুরি বলেও উল্লেখ করা হয়।সাম্প্রতিক সময়ে কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি এবং ভুয়া হেলথ টেকনোলজিস্ট তৈরির অভিযোগের প্রসঙ্গ তুলে ডি-ফ্যাব বলেছে, এসব অভিযোগের যথাযথ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।স্বাস্থ্যশিক্ষার অনুমোদন,সনদ প্রদান এবং পেশাগত নিবন্ধনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের সুযোগ রাখা যাবে না।বিবৃতিতে সংসদ সদস্যের প্রতি পাঁচটি প্রশ্ন উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—আগে পরিচালিত কোর্সগুলোর ভর্তি যোগ্যতা, পাঠ্যক্রম ও ব্যবহারিক প্রশিক্ষণের মান কতটা স্বাস্থ্যসেবার উপযোগী ছিল;পর্যাপ্ত হাসপাতাল, ল্যাবরেটরি, দক্ষ শিক্ষক ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ নিশ্চিত না করে এ ধরনের শিক্ষাক্রম পরিচালনার অনুমোদন দেওয়ার যৌক্তিকতা কী; ২০২০ সালের সরকারি বিজ্ঞপ্তি ও গেজেটের আইনগত প্রভাব সম্পর্কে তিনি অবগত কি না; অতীতের সনদ জালিয়াতি ও পেশাগত স্বীকৃতির অভিযোগের তদন্ত ছাড়া একই শিক্ষাক্রম চালুর দাবি কেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও সমন্বিত স্বাস্থ্যশিক্ষা ব্যবস্থা ছাড়া এ উদ্যোগ কতটা গ্রহণযোগ্য।ডি-ফ্যাবের দাবি,মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার অনুমোদন, পরিচালনা ও মান নিয়ন্ত্রণের দায়িত্ব স্বাস্থ্য কর্তৃপক্ষের যথাযথ তত্ত্বাবধানে নিশ্চিত করতে হবে। অতীতের সনদ জালিয়াতি ও অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বৈধ শিক্ষার্থীদের শিক্ষাগত ও পেশাগত অধিকার রক্ষা, ভর্তি যোগ্যতা, পাঠ্যক্রম, শিক্ষক, ল্যাবরেটরি ও হাসপাতালভিত্তিক প্রশিক্ষণের মান নিশ্চিত করতে হবে।বিবৃতিতে বলা হয়,কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করা সংগঠনটির উদ্দেশ্য নয়। বরং শিক্ষার্থীদের অধিকার, অর্জিত যোগ্যতার যথাযথ মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি জনগণের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।ডি-ফ্যাব আরও জানায়,শিক্ষা নিয়ে রাজনৈতিক বিতর্ক হতে পারে, প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য থাকতে পারে;কিন্তু মানুষের জীবন ওনিরাপদ চিকিৎসাসেবার প্রশ্নে কোনো আপস করা যাবে না। স্বাস্থ্যশিক্ষার নামে অননুমোদিত প্রতিষ্ঠান বা কোর্স পরিচালনার সুযোগ বন্ধ করে পেশাগত মান ও জনস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় সংগঠনটি।




















