
বরুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৩৪ অপরাহ্ণ

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লার বরুড়া উপজেলার ১৫ নম্বর পয়ালগাছা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পয়ালগাছা পোস্ট গ্রাজুয়েট কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে পয়ালগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়ালগাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী শামীম।
উপজেলা ছাত্রদলের সহসভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন হোসেনের তত্ত্বাবধানে এবং উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন। মিছিলে স্লোগান দেন উপজেলা ছাত্রদল নেতা জাহিদ হাসান বনি।
প্রধান অতিথির বক্তব্যে পয়ালগাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী শামীম বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীতের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার রয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। কোনো অপশক্তি যেন আবারও দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে ছাত্রসমাজকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে অন্যায়, অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব।”
পয়ালগাছা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন হোসেন বলেন, “ছাত্রদল সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীতের নাশকতা, সন্ত্রাস ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। পয়ালগাছা ইউনিয়নে কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতা বরদাশত করা হবে না। দেশ ও গণতন্ত্রের স্বার্থে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। আগামী দিনেও অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”



















