বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

খালিয়াজুরীতে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

reporter

মৃণাল কান্তি দেব(খালিয়াজুরী)

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৩১ অপরাহ্ণ


খালিয়াজুরীতে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০২৭-এর ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে আদায় করা টাকার বিপরীতে কোনো রসিদ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি প্রত্যন্ত হাওরাঞ্চলে অবস্থিত। এলাকার অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবক নিম্ন আয়ের এবং কৃষিনির্ভর। গত বোরো মৌসুমে অতিবৃষ্টিতে ফসলহানি ও উৎপাদিত ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক কৃষক পরিবার আর্থিক সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে সন্তানদের শিক্ষার ব্যয় বহনের পাশাপাশি আগামী মৌসুমের ফসল উৎপাদনের খরচ জোগানো নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকেরা। এর মধ্যে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তাঁদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করেছে।

অভিযোগ অনুযায়ী, এসএসসি-২০২৭ পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ২ হাজার ৩১৫ টাকার পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ৮৮৫ টাকা আদায় করা হচ্ছে। গত ১৬ নভেম্বর থেকে বিদ্যালয়ে ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে।

বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী অভিযোগ করে জানায়, ফরম পূরণের জন্য তার কাছে ৩ হাজার ২০০ টাকা চাওয়া হয়। সে ৩ হাজার টাকা জমা দিতে গেলে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কাসেম মিয়া ওই টাকা ছুড়ে ফেলে দেন। এ ঘটনায় সে ফরম পূরণ করেনি।

সুরঞ্জিত তরফদার নামে এক অভিভাবক বলেন, “বোর্ড নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা চাওয়া হচ্ছে। টাকা নেওয়ার পর কোনো রসিদও দেওয়া হচ্ছে না। বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছামতো টাকা আদায় করছে।”

অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী ধর্মীয় শিক্ষক কাসেম মিয়া ফরম পূরণ বাবদ ৩ হাজার ২০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৮৮৫ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্র ফি বাবদ এই টাকা নেওয়া হচ্ছে।

তবে বোর্ড নির্ধারিত ২ হাজার ৩১৫ টাকার মধ্যেই কেন্দ্র ফি বাবদ ৪৮৫ টাকা অন্তর্ভুক্ত থাকার বিষয়টি উল্লেখ করে অতিরিক্ত টাকা আদায় এবং রসিদ না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, “আপনি কি প্রশাসনের লোক যে আপনার কথায় চলতে হবে? দেশের কোন জায়গায় ফরম পূরণ বাবদ রসিদ দেয়, এটা আমাকে দেখান।” এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, “আমরা সেশন ফি বাবদ বাড়তি টাকা নিচ্ছি। আমাদেরও তো কিছু বাড়তি খরচ আছে।”

একই শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি নেওয়ার বিধান এবং বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়ের যৌক্তিকতা জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, শিক্ষা বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অতিরিক্ত টাকা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও অতিরিক্ত টাকা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম নিয়েও স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁদের অভিযোগ, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষকদের অনুপস্থিতি এবং নির্ধারিত সময়সূচি অনুসরণ না করে বিদ্যালয় খোলা ও বন্ধ করার মতো ঘটনা নিয়মিত ঘটছে। এসব বিষয়ে প্রধান শিক্ষককে অবহিত করেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে তাঁদের দাবি। বিদ্যালয়টিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা না থাকায় কেবল মানবিক বিভাগের শিক্ষার্থীরাই পড়াশোনা করছে।

এ ছাড়া স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, এসএসসি নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয় বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন। এতে পরীক্ষার ফলাফল ও পাসের হার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন অভিভাবক। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট মহলের মতে, প্রত্যন্ত হাওরাঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থ বিবেচনায় নিয়ে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে আদায়কৃত অর্থের খাত, অনুমোদন এবং অর্থ গ্রহণের বিপরীতে রসিদ প্রদানের বিষয়টিও খতিয়ে দেখা জরুরি।

এমএসএম / এমএসএম

Link Copied