
বাচসাস নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদের নিরঙ্কুশ জয়
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন। তাঁদের নেতৃত্বাধীন ‘আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ’ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ২০টি পদের মধ্যে ১৭টিতে জয় পেয়েছে। বাকি তিনটি পদে জয় পেয়েছে ‘দর্পণ-তেপান্তর পরিষদ’।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৫ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৪৪২ জন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পন পেয়েছেন ১৮৯ ভোট। এ পদে কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাহাত সাইফুল। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট। অন্য প্রার্থী অনজন রহমান পেয়েছেন ৩৬ ভোট।
সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। রিমন মাহফুজ পেয়েছেন ২৬১ ভোট এবং হামিদ মোহাম্মদ জসিম পেয়েছেন ২২৯ ভোট। তাঁদের প্রতিদ্বন্দ্বী আনজুমান আরা শিল্পী পেয়েছেন ১৯৯ এবং সাহাবুদ্দিন মজুমদার পেয়েছেন ১১১ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।
অর্থ সম্পাদক পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। তাঁর প্রতিদ্বন্দ্বী বাবুল হৃদয় পেয়েছেন ১৬৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। এ পদে মোস্তফা মতিহার পেয়েছেন ১৯৯ ভোট।
আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে আনিসুল হক রাশেদ ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নিশক তারেক আজিজ পেয়েছেন ১৯৬ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পান্থ আফজাল। এ পদে জাহাঙ্গীর বিপ্লব পেয়েছেন ১৮৭ ভোট।
সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত জাহান স্বর্ণা ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী লিপিকা সরকার লিপি পেয়েছেন ১৮১ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু পেয়েছেন ২২৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আমিনুর ইসলাম লিটন পেয়েছেন ২০৭ ভোট। দপ্তর সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিব আল হাসান। এ পদে রিয়েল তন্ময় পেয়েছেন ২০৩ ভোট।
কার্যনির্বাহী সদস্যের নয়টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২০ জন। এ পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। অন্য নির্বাচিতরা হলেন সুকন্যা আমির (২৬২), রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।
কার্যনির্বাহী সদস্য পদে মাত্র দুই ভোটের ব্যবধানে নির্বাচিত হতে পারেননি আফসানা খানম। তিনি পেয়েছেন ১৮৮ ভোট। এ পদে মো. মাজহার বাবু পেয়েছেন ১৮২, দীপংকর দীপক ১৭৫, হাবিবুর রহমান ১৬৮, লুৎফর রহমান খান ১৬৫, মো. মনিরুজ্জামান (অপূর্ব) ১৪৫, আল আমিন সেলিম ও সুমন চৌধুরী ১৩৮ করে, আল এহসান ১২৭, খান আকতার হোসেন ৫৪ এবং তাজ উদ্দিন আহমেদ ৪৯ ভোট পেয়েছেন।
নির্বাচনের ফলাফলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদের প্রার্থীদের জয় সংগঠনটির নতুন নেতৃত্বে তাঁদের অবস্থান নিশ্চিত করেছে। আগামী ২০২৮ সাল পর্যন্ত নির্বাচিত এই কমিটি বাচসাসের দায়িত্ব পালন করবে।




















