
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ

১১ বছর পর ২০২৭ সালে এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের আগে একটি ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছে। উভয়পক্ষ ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।
ইন্দোনেশিয়ার বালিতে সম্প্রতি আইসিসির সভায় গিয়ে ওই প্রস্তাব তোলে বিসিবি। যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি তাদের সাংবাদিকদের জানান, বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে। তবে তার উল্লেখিত সময় সঠিক নয় বলে জানিয়েছেন বিসিবির মুখপাত্র।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা বাংলাদেশে হতে যাওয়া এশিয়া কাপকে কেন্দ্র করে পাকিস্তান-শ্রীলঙ্কাকে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি এবং উভয় দেশ তাতে ইতিবাচক সাড়া দিয়েছে।’ তবে উভয় বোর্ড এখনও বিষয়টি বিবেচনায় রাখায় সূচি চূড়ান্ত হয়নি। তাদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিসিবি।
বিসিবির মুখপাত্র জানান, ‘যেহেতু এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং উভয় দেশই তা বিবেচনা করছে, তাই আমরা এখনই এ নিয়ে ঘোষণা দিতে পারছি না। তারা এতে (ত্রিদেশীয় সিরিজে) অংশ নেবে কি না, সে বিষয়ে তাদের সিদ্ধান্ত পরবর্তীতে আমাদের জানাবে।’
প্রসঙ্গত, আগামী বছরের ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশের মাটিতে এশিয়া কাপের আসর বসবে। এর আগে সর্বশেষ ২০১৬ সালে মহাদেশীয় এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ, টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া ওই আসরে স্বাগতিকরা রানার্সআপ হয়েছিল। ২০২৭ এশিয়া কাপ হবে তামিম ইকবাল নেতৃত্বাধীন বিসিবির অধীনে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট।





















