
শাহজালালে ১৮ স্বর্ণের বারসহ যাত্রী আটক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বারসহ মোহাম্মদ রুহুল আমিন নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
সোমবার (২৩ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়।
সিআইআইডি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে ফ্লাইদুবাই এয়ারলাইন্সের FZ-501 ফ্লাইটে ঢাকায় আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের (পাসপোর্ট নম্বর: B00901521) চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যান করা হয়।
একপর্যায়ে শরীরে অবৈধভাবে স্বর্ণ বহনের সন্দেহে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তিনি নিজের কাছে স্বর্ণের বার লুকানো থাকার কথা স্বীকার করেন। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়।
পরবর্তীতে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার উপস্থিতিতে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের মোট ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ২ হাজার ১০৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






















