
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০ পথশিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে এবং শীতের সুরক্ষা নিশ্চিতে নবোদ্যম ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০ জন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবোদ্যম ফাউন্ডেশনের এই আয়োজনে সহযোগিতা করে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট (জিআরটি) ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি (ডব্লিউবিএস)।
কর্মসূচিতে নবোদ্যম ফাউন্ডেশন পরিচালিত ‘সেভ দ্য টুমরো স্কুল’-এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর শাখা, হাইকোর্ট শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। প্রতিটি শিশুকে দেওয়া বিশেষ সহায়তা প্যাকেজের মধ্যে ছিল কম্বল, মাফলার, শীতের টুপি, মোজা, স্কুলব্যাগ, বই, পেন্সিল, সাবান, লোশন, তেল, তোয়ালে, চিরুনি, টুথব্রাশ ও টুথপেস্টসহ ব্যক্তিগত পরিচ্ছন্নতার নানা সামগ্রী। উপকরণ বিতরণের পাশাপাশি উপস্থিত সব শিশুর জন্য দুপুরের গরম খাবারেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবোদ্যম ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ ওবায়েদুল্লাহ বলেন, “পথশিশুরা সমাজের বোঝা নয়, সঠিক পরিচর্যা ও শিক্ষার সুযোগ পেলে তারাই আগামীর সম্পদ হয়ে উঠবে। নবোদ্যম ফাউন্ডেশন শুরু থেকেই ‘সেভ দ্য টুমরো স্কুল’-এর মাধ্যমে এই শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তাদের শৈশবকে আরও নিরাপদ ও আনন্দময় করে তুলবে।”
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বলেন, “তীব্র শীতের প্রকোপ থেকে আমাদের স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করা এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ধরে রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য। নবোদ্যম ফাউন্ডেশনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগী সংস্থাগুলোর আন্তরিকতায় আমরা আজ ২০০ শিশুর পাশে দাঁড়াতে পেরেছি। সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতে আমাদের এই মানবিক যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ সিফাতুল্লাহ তাসনীম বলেন, “হাকিম চত্বর ও হাইকোর্ট শাখার এই শিশুদের শিক্ষা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কজ করে আসছি। আমরা সকল সুবিধাবঞ্চিত শিশুর জন্য একটা সুন্দর আগামীর প্রত্যাশা করি এবং সে লক্ষ্যেই ঢবি থেকে আমাদের মানবিক কর্মীরা কাজ করে যাচ্ছেন। আজকের এই উপহার শিশুদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী ও উৎসাহী করে তুলবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াদ হাসান বলেন, “পুরান ঢাকার ব্যস্ত পরিবেশে বেড়ে ওঠা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা নিরলসভাবে কাজ করছে। আজ সব শাখার শিক্ষার্থীদের একসঙ্গে এভাবে আনন্দ করতে দেখে আমাদের পরিশ্রম সার্থক মনে হচ্ছে।”
কর্মসূচিতে নবোদ্যম ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জনসংযোগ কর্মকর্তা মো. নওসাদ আলী উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি রেশমি আক্তার রিয়া, সাধারণ সম্পাদক পুজা রানী সাহা, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম কবির এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক স্বপন পাল, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজিনা আক্তার, জনসংযোগ কর্মকর্তা লক্ষ্মী রাণী ও ইভেন্ট ম্যানেজমেন্ট হেড আব্দুর রহমান পলাশসহ সংগঠনের অর্ধশতাধিক ভলান্টিয়ার উপস্থিত থেকে পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও সম্ভাবনাময় শৈশব গড়ার প্রত্যয় নিয়ে নবোদ্যম ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।






















