শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

‘ভালোবাসি বাংলাদেশ’ বলে ঢাকার মঞ্চ মাতালেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ


‘ভালোবাসি বাংলাদেশ’ বলে ঢাকার মঞ্চ মাতালেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

চার বছর পর আবারও ঢাকার মঞ্চে ফিরে নিজের জনপ্রিয় সব গান ও প্রাণবন্ত পরিবেশনায় দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুললেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের (১০০ ফিট) কোর্টসাইডে আয়োজিত ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতান বিশ্বজুড়ে ‘বিলিয়নেরা’খ্যাত এই সংগীতশিল্পী।
ই-মেকার্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই কনসার্টে বিকেল থেকেই সংগীতপ্রেমীদের ভিড় জমতে শুরু করে। সন্ধ্যা নামার পর মঞ্চে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির এবং তার ব্যান্ড ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’। তাদের জনপ্রিয় সব গানে দর্শকরা যখন উচ্ছ্বসিত, ঠিক তখনই মূল আকর্ষণ হিসেবে মঞ্চে হাজির হন ওটিলিয়া।
মঞ্চে উঠেই নিজের পরিচিত ছন্দ ও প্রাণবন্ত নাচে পুরো প্রাঙ্গণ মাতিয়ে তোলেন এই পপতারকা। পরিবেশনার ফাঁকে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেন ওটিলিয়া। বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও ঢাকার ঐতিহ্যবাহী খাবারের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি একপর্যায়ে মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট বাংলায় বলে ওঠেন - ‘ভালোবাসি বাংলাদেশ’। বিদেশি তারকার মুখে মাতৃভাষায় এমন ভালোবাসার প্রকাশ শুনে করতালি ও উল্লাসে ফেটে পড়েন উপস্থিত হাজারো দর্শক।
কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় পা রাখেন ওটিলিয়া। ঢাকায় পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি জানান, নিরাপদে ঢাকায় পৌঁছেছেন এবং প্রিয় ভক্তদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওটিলিয়া স্মরণ করেন ২০২২ সালের জুলাইয়ে প্রথমবার ঢাকায় আসার অভিজ্ঞতা। তিনি জানান, প্রথম সফরে বাংলাদেশের দর্শকদের কাছ থেকে যে অভাবনীয় ভালোবাসা তিনি পেয়েছিলেন, তা এখনো তার মনে গেঁথে আছে। মূলত সেই ভালোবাসার টানেই চার বছর পর আবারও ঢাকায় ফেরা এবং এবারের পরিবেশনাটি দর্শকদের জন্য আরও স্মরণীয় করে রাখার চেষ্টা করেছেন তিনি।
আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মানের সাউন্ড ও লাইটিং ব্যবস্থাপনায় দর্শকদের একটি পরিচ্ছন্ন ও উপভোগ্য সন্ধ্যা উপহার দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটির মাধ্যমে রাতারাতি আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন রোমানিয়ার এই পপশিল্পী। ইউরোপের গণ্ডি পেরিয়ে এশিয়ার সংগীতপ্রেমীদের কাছেও গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ওটিলিয়াকে বিশ্বসংগীতে শক্ত অবস্থান তৈরি করে দেয়।

রিয়াজ উদ্দিন / এমএসএম

Link Copied