শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

চার বছর পর আজ ঢাকার মঞ্চ মাতাবেন ওটিলিয়া

reporter

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ


চার বছর পর আজ ঢাকার মঞ্চ মাতাবেন ওটিলিয়া

চার বছর পর আবারও ঢাকার মঞ্চে ফিরছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীতে গান শোনাবেন। তাঁকে ঘিরে ইতিমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। একই মঞ্চে থাকছেন বাংলাদেশের সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড।

‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে। আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৫টায়। দর্শকদের জন্য প্রবেশ মুখ খুলে দেওয়া হবে বিকেল ৩টায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন ওটিলিয়া নিজেই। ভক্তদের উদ্দেশে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব ভক্তদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।’

ঢাকায় পৌঁছে এক সংবাদ সম্মেলনেও অংশ নেন এই রোমানিয়ান সংগীতশিল্পী। তিনি জানান, বাংলাদেশের দর্শকদের জন্য এবার নতুন সংগীত উপহার দিতে চান। ২০২২ সালে বাংলাদেশে এসে দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছিলেন, তা তাঁর মনে রয়েছে। এবারের পরিবেশনাও দর্শকদের জন্য স্মরণীয় করে রাখতে চান তিনি। পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখা, স্থানীয় খাবার উপভোগ করা এবং বাংলাদেশের মানুষের সঙ্গে সময় কাটানোর আগ্রহের কথাও জানিয়েছেন ওটিলিয়া।

এদিকে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদিরও। আন্তর্জাতিক পপসংগীতের সঙ্গে দেশীয় ব্যান্ডসংগীতের মেলবন্ধনে দর্শকেরা ভিন্নধর্মী একটি সন্ধ্যা উপভোগ করতে পারবেন বলে আশা করছেন আয়োজকেরা। অনুষ্ঠানে লেভেল ফাইভসহ আরও কয়েকজন শিল্পী ও সংগীত পরিবেশকের অংশ নেওয়ার কথাও রয়েছে।

এর আগে ২০২২ সালের জুলাইয়ে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন ওটিলিয়া। চার বছর পর আবারও তাঁর বাংলাদেশ সফরকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এবার ফুয়াদ আল মুক্তাদিরসহ দেশীয় শিল্পীদের সঙ্গে একই মঞ্চে তাঁর পরিবেশনা কতটা জমে ওঠে, সেটিই এখন দেখার অপেক্ষা।

এমএসএম / এমএসএম

Link Copied