শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

রজনীকান্তের সম্পত্তি জনগণের

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ


রজনীকান্তের সম্পত্তি জনগণের

ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মহাতারকা রজনীকান্ত। যাঁর শিবাজি রাঁও গায়কোয়াড় নামটি এখন বিস্মৃত। ভালোবেসে সবাই তাঁকে ডাকে ‘থালাইভা’, এর অর্থ গুরু। এই অভিনেতা বিশ্বাস করেন, দর্শক-ভক্তদের ভালোবাসায় তিনি শূন্য থেকে উঠে এসেছেন। তাই সর্বস্তরের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিয়েছেন একটি সিদ্ধান্ত। রজনীকান্ত ঠিক করেছেন, মৃত্যুর পর নিজ রাজ্য তামিলনাড়ুর সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণের জন্য নিজের সম্পত্তি কাজে লাগাবেন। তাঁর কথায়, “দর্শকরা ভালোবেসে আমাকে সুপারস্টার বলে। তাই আমার সম্পত্তির ভাগিদারও দক্ষিণের সাধারণ মানুষই।” অভিনেতার বাসভবন ‘রাঘবেন্দ্র মণ্ডপম’ এর বর্তমান মূল্য ৫০০ কোটি ভারতীয় রুপি। তবে তাঁর সন্তান বা পরিবারের সদস্যদের এই সম্পত্তির কোনো ভাগই পাবেন না বলে ঠিক করেছেন রাজনীকান্ত। অভিনেতার উইলে লেখা রয়েছে, তাঁর অনুপস্থিতিতে সেই বাড়িটি চ্যারিটেবল ট্রাস্টের মালিকানায় চলে যাবে। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, “যাঁরা আমাকে বাঁচিয়ে রেখেছেন, ট্রাস্টের মাধ্যমে সব টাকা তামিলনাড়ুর সেসব মানুষদের কাছেই যাবে।” পরিবার প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমার পরিবার কোনো ভাগ পাবে না। কারণ তামিলের জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমাকে কর্মজীবনে সফল করেছেন। সেই কৃতজ্ঞতাস্বরূপ আমার এই সিদ্ধান্ত।” চেন্নাইয়ে এক একরের বেশি জমির ওপর দাঁড়িয়ে আছে রজনীকান্তের বাসভবন ‘রাঘবেন্দ্র মণ্ডপম’। তৈরি হয় ১৯৮৯ সালে। ২০১৫ সালে রাজ্যে ভয়াবহ বন্যার সময়ে দুর্গত মানুষের জন্য বাড়ির দরজা খুলে দেন রজনীকান্ত। সেখানে আশ্রয় নেন দুর্গত এবং ত্রাণকর্মীরা। পাঁচ দশকের বেশি সময় ধরে তামিল, হিন্দি ও তেলেগু মিলিয়ে ১৮০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। এক সময় এই অভিনেতার সিনেমা মুক্তির দিনে দক্ষিণে রাজ্যে রাজ্যে ছুটি ঘোষণা করা হতো। রজনীকান্তের জন্ম মারাঠি পরিবারে ১৯৫০ সালের ১২ ডিসেম্বর। বাবা রামোজি রাঁও গায়কোয়াড় ছিলেন পুলিশ কনস্টেবল আর মা জিজাবাঈ ছিলেন গৃহিণী। তিন ভাই ও এক বোনের মধ্যে রজনীকান্ত ছিলেন সবার ছোট। পারিবারিক অসচ্ছলতার কারণে কুলি, দিনমজুর, অফিস বয় ও বাস কন্ডাক্টরের মতো কাজও করতে হয়েছে রজনীকান্তকে। তবে তাঁর বাসে টিকিট ও খুচরা ফেরত দেওয়ার ভঙ্গি এতই জনপ্রিয় ছিল যে, যাত্রীরা তার জন্য বাসের ভিতর অপেক্ষা করতেন। পাশাপাশি পাড়ার নাটকেও রজনীকান্ত চালিয়ে যেতেন শখের অভিনয়। পরবর্তীতে এক বন্ধুর সহায়তায় মাদ্রাজ ফিল্ম স্কুলে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেন রজনীকান্ত। সেখান থেকেই নজরে পড়েন সে সময়ের খ্যাতিমান পরিচালক কে. বালাচরণের। বালাচন্দর তাঁকে নতুন নাম দেন রজনীকান্ত।

১৯৭৫ সালে কে. বালাচরণের ‘অপূর্ব রাগাঙ্গল’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক ঘটে ‘থালাইভা’ খ্যাত রজনীকান্তের। প্রথম সিনেমাতেই রজনীকান্তকে লুফে নেন দর্শকরা। প্রথম দিকে খ্যাতিমান অভিনেতা কমল হাসানের সঙ্গী হিসেবেই সিনেমাতে দেখা গেছে তাঁকে। অত্যাচারিত কৃষক, দিনমজুর ও কুলিসহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি শক্ত জায়গা করে নিয়েছেন দর্শকমনে। কে বালাচন্দর বলেছিলেন, রজনীকান্ত তার সংলাপ বলার ধারা দিয়ে নিজেকে প্রচলিত নিয়মের বাইরে নিয়ে যেতে পেরেছেন। তীক্ষè ভঙ্গিতে ছোট ছোট সংলাপ আর

ক্যামেরার সামনে কথা বলার স্টাইল তাঁকে অনন্য করেছে। রজনীকান্ত তাঁর পর্দার রূপকে বাস্তবে টেনে আনেন না। তিনি জনসমক্ষে হাজির হন মেকআপ ছাড়া। তখন তাঁর মাথায় পরচুলা থাকে না, পরনে থাকে সাধারণ  পোশাক। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য ভারত সরকার ২০০০ সালে পদ্মভূষণ, ২০১৬ সালে পদ্মবিভূষণ এবং ২০১৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেছে তাঁকে।

শান্তা / শান্তা

Link Copied