
বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে স্কুল ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা সদরের রাধাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. জ. ম. সালাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইভী দাস ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাকির হোসেনসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে শিশুদের পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ইউএইচটি তরল দুধ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রাণিসম্পদ বিষয়ক সাধারণ জ্ঞানের ওপর কুইজ প্রতিযোগিতা এবং ‘পুষ্টিকর খাবার: দুধ ও ডিম’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় তৃতীয় শ্রেণির ছাত্র দিনহাজ আহমদ শুভ প্রথম, চতুর্থ শ্রেণির ছাত্র জয় রায় দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির ছাত্র রুদ্র বিশ্বাস তৃতীয় স্থান অর্জন করে। অন্যদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চতুর্থ শ্রেণির ছাত্রী তনুশ্রী বিশ্বাস প্রথম ও দ্বিতীয় এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অমৃতা বিশ্বাস স্নেহা তৃতীয় স্থান অধিকার করে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।



















