
পিরোজপুরের ইন্দুরকানীতে চিরকুট লিখে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত: ৩ জুলাই, ২০২১, ০৮:২৩ অপরাহ্ণ

পিরোজপুরের ইন্দুরকানীর উত্তর বালিপাড়া বটতলা গ্রামের মারজিয়া নামে এক স্কুলছাত্রী ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৩ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার পরিবার।
মারজিয়া ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। মৃত্যুর আগে সে একটি চিরকুট লিখে রেখে গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তদন্তের পর চিরকুটটি প্রকাশ করবেন বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
নিহত ছাত্রীর বাবা স্থানীয় মাংস ব্যবসায়ী আবুল কালাম জানান, সে (মারজিয়া) একটি চিরকুট লিখে গেছে। সেখানে লেখা রয়েছে- 'আমি মারা যাবার পরে দারুল উলুম বালিপাড়া কওমি মাদ্রাসার পাশে যেন দাফন করা হয়।’
সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।




















