শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

মহেশখালীতে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত

reporter

সেলিম,মহেশখালী ( কক্সবাজার)

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ


মহেশখালীতে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কে কুকুরকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সৌদি প্রবাসীসহ দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকার কিছুটা আগে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার আকবর হাজীপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে সৌদি প্রবাসী ইকবাল হোসেন (২৫) এবং একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৮)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল কাইয়ুম। হতাহত তিনজনই সম্পর্কে একে অপরের চাচাতো-ফুফাতো ভাই।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইকবাল হোসেন তাঁর দুই ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে উত্তর নলবিলা থেকে মাতারবাড়ির রাজঘাটের উদ্দেশ্যে রওনা হন। পথে রাজঘাট এলাকার কিছুটা আগে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলটির সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং তিন আরোহীই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত মো. শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়; সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল কায়ুম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের চাচাতো ভাই ও মহেশখালী হিসাবরক্ষণ কার্যালয়ের অডিট অফিসার মো. রিদুয়ান দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, একসঙ্গে দুই তরুণের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কালারমারছড়ার উত্তর নলবিলার আকবর হাজীপাড়াসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সৌদি প্রবাসী ইকবাল ও তরুণ শাহীনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এমএসএম / এমএসএম

Link Copied