
শার্শায় শীতের আগমনী বার্তায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ

শীতের আগমনী বার্তার সাথে সাথে শার্শা উপজেলায় শুরু হয়েছে খেজুর গাছ পরিচর্যার কর্মযজ্ঞ। শীত মৌসুমে খেজুরের রস ও গুড়ের ব্যাপক চাহিদা থাকায় এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় গাছিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন জানান, শার্শা উপজেলার খাঁটি রস ও সুস্বাদু গুড়ের দেশজুড়ে চাহিদা রয়েছে। রস সংগ্রহ ও গুড় তৈরির পুরো প্রক্রিয়াটি কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হবে।
এদিকে, ঋতু পরিবর্তনের পালাবদলে প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। রাতের শেষ প্রহরে কুয়াশার চাদর আর ভোরের হালকা ঠান্ডা বাতাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের আমেজের সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের সম্পর্ক যেন অবিচ্ছেদ্য। আর সেই ঐতিহ্য ধরে রাখতে যশোরের শার্শা উপজেলার গ্রামাঞ্চলে খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।
‘যশোরের যশ, খেজুরের রস’—প্রবাদটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এ অঞ্চলের নাম ও ঐতিহ্য। প্রতিবছরের মতো এবারও শীতের আগমনকে সামনে রেখে খেজুর গাছ প্রস্তুতের কাজে নেমে পড়েছেন উপজেলার গাছিরা। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গাছ ঝোড়া ও পরিষ্কারের কাজ। গাছিরা ধারালো দা দিয়ে খেজুর গাছের ডালপালা কেটে পরিষ্কার করছেন। এরপর গাছের নির্দিষ্ট অংশ চেঁছে রস সংগ্রহের উপযোগী করে তৈরি করছেন নলি ও বাঁশের খুঁটি।
শীতের শুরুতেই রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিতে গাছিদের এখন ব্যস্ততার শেষ নেই। খেজুরের রস ও গুড় শুধু খাবারের ঐতিহ্য নয়, এটি গ্রামীণ অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। শীত মৌসুমে রস সংগ্রহ, গুড় তৈরি ও বাজারজাতকরণের মাধ্যমে অনেক পরিবার বাড়তি আয়ের সুযোগ পায়।
স্থানীয় গাছিরা জানান, বর্ষার পানি নেমে যাওয়ার পর থেকেই খেজুর গাছ প্রস্তুতের কাজ শুরু হয়। প্রথমে গাছের ডালপালা পরিষ্কার ও নির্দিষ্ট অংশ চেঁছে দেওয়া হয়। কয়েক দিন পর গাছে হাঁড়ি বা কলস বসিয়ে শুরু হয় রস সংগ্রহ। শীত যত বাড়বে, খেজুরের রসের পরিমাণ ও মিষ্টতা তত বাড়বে বলে আশা করছেন তারা। শীতের সকালে টাটকা খেজুরের রস পান করার আনন্দই আলাদা। এ রস দিয়ে তৈরি হয় সুস্বাদু ঝোলা গুড়, পাটালি ও নানা ধরনের মিষ্টান্ন, যার চাহিদা রয়েছে দেশজুড়ে।
বেনাপোল পৌরএলাকার বাসিন্দা জাহিদ বলেন, শীত এলেই খেজুরের রসের জন্য অপেক্ষা করি। ছোটবেলা থেকেই খেজুরের রস ও গুড়ের সঙ্গে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে। এখন গাছিরা গাছ কাটতে শুরু করেছেন। আশা করছি, কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষ তাজা খেজুরের রস খেতে পারবেন। খেজুরের রসের সাথে আমাদের ঐতিহ্যর আবেগ রয়েছে।
বেনাপোল রাজবাড়ী গ্রামের গাছি সোবাহান বলেন, বর্তমানে যে হারে খেজুর গাছ হারিয়ে যেতে বসেছে, তাতে এক সময় হয়তো আমাদের দেশে খেজুর গাছ থাকবে না। এই ঐতিহ্যকে ধরে রাখতে চাইলে আমাদের সবার উচিত তালগাছের মতো বেশি বেশি খেজুর গাছ লাগানো এবং তা যত্ন সহকারে বড় করা।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন জানান, খেজুরের রস, গুড় ও পাটালির জন্য যশোরের শার্শা অঞ্চলের বিশেষ পরিচিতি রয়েছে। চলতি মৌসুমে রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির বিষয়ে গাছিদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের স্বাদ ধরে রাখতে শার্শার গাছিদের এই কর্মব্যস্ততা এখন গ্রামাঞ্চলে শীতের আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে।



















