
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা
যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: আইজিপি
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসেছেন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশের কল্যাণ সভায় অংশগ্রহণ শেষে বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন তাঁরা।
বৈঠক শেষে বিকেল ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় তিনি জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি যারা অশান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বৃষ্টির মধ্যেও সাংবাদিকদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, “আপনারা এই দেশেরই মানুষ, আপনারা শান্তিপ্রিয়। আমি মনে করি, শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবাই সহযোগিতা করবেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবেন। এটিই আমার অনুরোধ।”
জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, “সার্বিক পরিস্থিতি আজও পর্যন্ত অনেক ভালো দেখছি, আগামীতেও ভালো থাকবে। আপনারা সবাই মিলে যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নেন। এদের সংখ্যা খুব বেশি নয়।”
টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “থানাগুলো কাদের জন্য? আমাদের জন্য? আপনাদের—এই জনগণের জন্য। তা আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা কাজ কীভাবে করবে?”
পুলিশের সীমিত জনবল ও আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে আইজিপি আরও বলেন, “আপনি যদি আইন মেনে চলা নাগরিক না হন, আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, পুলিশের সংখ্যা কত? ধরেন এখানে ১০ লাখ লোক আছে, একটি থানায় পুলিশ আছে ২০ জন। তাহলে ওই ২০ জনের যদি আপনাদের মানসিক সমর্থন বা সার্বিক সহযোগিতা না থাকে, তাহলে তো এরা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান যে, এখানে পুলিশের দরকার নেই, আপনারা নিজেরাই আইনশৃঙ্খলা বজায় রাখেন।”
সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “আসল কথা হলো, জনগণ যেটা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত নেবে।”
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আগেও আপনারা দেখেছেন অনেক লাগাতার প্রোগ্রাম হয়েছে; পরিণতি কী হয়?” এ সময় তিনি আরও বলেন, “আপনাদের প্রতি আমাদের কোনো এক্সট্রিম অবস্থানে যেতে না হয়, সেভাবে থাকবেন আপনারা।”
বক্তব্য শেষে বৃষ্টির মধ্যেই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ প্রধান।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের সহিংস কর্মকাণ্ডের সময় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫টির বেশি গাড়িতে আগুন দেওয়া হয়। জেলার তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের বাড়িসহ বিএনপি নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার গোপালগঞ্জ সফর করেন তিন বাহিনীর প্রধান। সকালে পুলিশ লাইন্সে কল্যাণ সভায় অংশ নেওয়ার পর বিকেল ৩টার দিকে সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আইজিপি মো. আলী হোসেন ফকির, এসআরবির মহাপরিচালক ফারুক আহম্মেদ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।




















