শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

reporter

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ


মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির দৃঢ় অবস্থান ও তৎপরতার মুখে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে বিএসএফ সদস্যরা রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। গোয়েন্দা তথ্য ও সীমান্তে টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত টের পায় বিজিবি। এরপর বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নিয়ে অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিহত করেন।

পরে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়কের দৃঢ় অবস্থান ও উদ্যোগে সকাল সাড়ে ৭টা ৪৫ মিনিটের দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দিঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে কাঁটাতারের বেড়ার ভেতরে ফিরিয়ে নেয়।

শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ তথ্য নিশ্চিত করে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বর্তমানে সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এমএসএম / এমএসএম

Link Copied