
সন্দ্বীপে দুই দিনব্যাপী গীতা ভারতী মিশনের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ

সনাতন ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্মিক চেতনা ও মানবিক আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সন্দ্বীপে দুই দিনব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ভাগবতীয় আলোচনা, ভজন, কীর্তন ও প্রার্থনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ঠাকুর অনীল গাঙ্গুলী ও স্বর্গীয় মাস্টার অমলেন্দু চক্রবর্তীর বাড়িতে গীতা ভারতী মিশন (আশ্রম) সন্দ্বীপ শাখার উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অধিবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এদিন ভক্তিগীতি পরিবেশনের মধ্য দিয়ে এক আধ্যাত্মিক ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়।
দ্বিতীয় দিন শুক্রবার মূল অনুষ্ঠানে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ভাগবতীয় আলোচনা, ভজন, কীর্তন ও প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান ভাগবতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট ভাগবতীয় বক্তা অ্যাডভোকেট প্রবীর ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে ভাগবতীয় বক্তব্য রাখেন ডাঃ সুবোধ তালুকদার, সুকল্যান তালুকদার, ভবতোষ মজুমদার ও ডাঃ নারায়ণ দাস ভুট্টো।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনের মূল উদ্যোক্তা ছিল স্বর্গীয় মাস্টার অমলেন্দু চক্রবর্তীর পরিবার। পরিবারের পক্ষ থেকে পুরো আয়োজনের পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন কার্তিক চক্রবর্তী ও তাঁর সুযোগ্য সন্তান ডাঃ রকি চক্রবর্তী। তাঁদের আন্তরিক উদ্যোগ ও সমন্বয়ে দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়।
আয়োজনে ধর্মপ্রাণ ভক্তবৃন্দের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে ওঠে।
আয়োজকদের প্রত্যাশা, শ্রীমদ্ভগবদ্গীতার মহৎ বাণী ও জীবনদর্শন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।




















