শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালান পণ্যসহ আটক ২০

reporter

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ


ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালান পণ্যসহ আটক ২০

তিন মাসে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এ সময় ২০ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৫৮ বিজিবির অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে ৫৭৫ গ্রাম স্বর্ণ, ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ১৫৫ জন গরু এবং বিপুল পরিমাণ মাদক।

এর মধ্যে ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৫৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা, প্রায় ৫০ কেজি গাঁজা ও ৮ হাজার ৩৬১ পিস বিভিন্ন ধরনের নেশার ট্যাবলেট রয়েছে।

​অন্যদিকে, কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত বিস্তৃত বিজিবির দক্ষিণ-পশ্চিম (যশোর) রিজিয়নের আওতাধীন ৭টি ব্যাটালিয়নের অভিযানে একই সময়ে প্রায় ৮৮ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক আটক করা হয়েছে।

এই রিজিয়নে ১৫৭ জনকে আটক করা হয়েছে। সেখানে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণ, ৫টি অস্ত্র, ৬ রাউন্ড গুলি এবং ৯৪ কেজির বেশি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিও উদ্ধার হয়েছে।

​বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান ঠেকাতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ বা পাচার রোধ এবং সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা ঠিক রাখতে বিজিবি কাজ করছে।

এসব কাজে স্থানীয় প্রশাসন, পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে বাহিনীটি।

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর / এমএসএম

Link Copied