
সোনাশুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার শিরোমণি এলাকার মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে গেলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পরও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।






















