বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

ফিফা সভাপতি নির্বাচনে ফ্রান্স ফুটবলের প্রধান, সমর্থন জানাল ২ দেশ

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ


ফিফা সভাপতি নির্বাচনে ফ্রান্স ফুটবলের প্রধান, সমর্থন জানাল ২ দেশ

তিন দফায় ফিফার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। এর মাঝে নানা অভিযোগ থাকলেও তিনি চতুর্থ মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তার বিপরীতে নির্বাচনের দৌড়ে নামছেন বিভিন্ন দেশের ফুটবল সংগঠকরা। ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালো ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। তাকে সমর্থন জানিয়েছে জার্মানিসহ কয়েকটি দেশ।

দিয়ালোর সঙ্গে বৈঠকের পর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ জানিয়েছেন, ‘ফিলিপ দিয়ালো ফুটবলের প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করেন। আসন্ন বছরগুলোয় খেলাটির সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবিলায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ।’

দিয়ালোর আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞতা এবং ইউরোপীয় ফুটবল অঙ্গনে গ্রহণযোগ্যতার কথাও উল্লেখ করেন জার্মান ফুটবলের প্রধান, ‘আন্তর্জাতিক ফুটবলে তার অভিজ্ঞতা অনেক এবং ইউরোপের ফুটবল অঙ্গনে তিনি ব্যাপকভাবে সম্মানিত। দায়িত্ব পালনের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি এবং যে মূল্যবোধের প্রতিনিধিত্ব তিনি করেন, তা বর্তমান ফিফা সভাপতির অবস্থানের চেয়ে স্পষ্টতই আলাদা।’

ফুটবলের সর্বোচ্চ সংস্থার নেতৃত্বে পরিবর্তন চায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তারাও ইতোমধ্যে সমর্থন জানিয়েছেন দিয়ালোর প্রতি। নেদারল্যান্ডসের ফুটবল অ্যাসোসিয়েশনও তাকে সমর্থনের কথা জানিয়েছে। ইউরোপের আরও অনেক ফুটবল সংস্থা তার পাশে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার স্বত্ব নিয়ে নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার উদ্যোগ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। তার সেই উদ্যোগ শেষ পর্যন্ত ভেস্তে যায়। এরপর থেকে তাকে নিয়ে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ফুটবলবিশ্বে। পদত্যাগের দাবিও উঠেছে একাধিকবার। তবে সুইস এই ফুটবল প্রশাসক দাবি করে আসছেন, বিশ্বজুড়ে সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছ থেকে তার ব্যাপক সমর্থন রয়েছে।

এর বাইরে ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা এবং সুইজারল্যান্ডের সাবেক ডিফেন্ডার র‍্যামন ভেগারও।

aliul / aliul

Link Copied