
পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী, জিরা ও গরু আটক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, জিরা এবং একটি গরু আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আটককৃত মালামালের সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ১৫০ টাকা জানিয়েছে বিজিবি।
সোমবার (২৩ নভেম্বর) ৬১ বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা যায় , সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে ব্যাটালিয়নের নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গত (২২ নভেম্বর) বুড়িমারী বিওপি’র একটি টহলদল সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইসিপি জিরো পয়েন্ট এলাকা থেকে ১৫ পিস ভারতীয় শাড়ী আটক করে ও অপরদিকে একই ব্যাটালিয়নের অধিনস্থ খারিজাজোংড়া বিওপি’র টহলদল সীমান্ত থেকে আনুমানিক ১০০ গজ ভেতরে বড়ভিটা এলাকা থেকে ৫১ কেজি ভারতীয় জিরা আটক করে। এছাড়া ধরলা বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি উত্তর পাড়া এলাকা থেকে ১টি ভারতীয় গরু আটক করে।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মুহা:শাহীনূল ইসলাম জানান,অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















