সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

নাচোলে চোরাই দুই গরু উদ্ধার, গ্রেপ্তার ১

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ


নাচোলে চোরাই দুই গরু উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে দুটি চোরাই গাভি গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মো. ডালিম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নাচোল ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও গরু দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার একটি দল ওই গ্রামের মো. ডালিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির পূর্ব পাশে টিনের চালাবিশিষ্ট একটি গোয়ালঘর থেকে দুটি গাভি গরু উদ্ধার করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গরু দুটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা গরু দুটির বিষয়ে ডালিম সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তাঁর পলাতক বাবা মো. এমরান আলী, ভগ্নিপতি মো. মোস্তাক রহমানসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গরু দুটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে তাঁর কাছে রেখেছিলেন।

এ ঘটনায় নাচোল থানায় ২৩ নভেম্বর একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৬। পেনাল কোডের ৪১৩ ধারায় মামলাটি করা হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চুরির ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

Link Copied