
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ

একসময় বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি ছিল সোনালি আঁশ পাট। বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে পাটের অবদান ছিল অপরিসীম। সময়ের পরিবর্তনে কৃত্রিম তন্তুর প্রসার ও বিশ্ববাজারের প্রতিযোগিতায় পাটের বাণিজ্যে কিছুটা ভাটা পড়লেও পরিবেশবান্ধব পণ্যের ক্রমবর্ধমান চাহিদা আবারও এই শিল্পের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তবে পাট উৎপাদনে বাংলাদেশের সম্ভাবনা
থাকলেও প্রয়োজনীয় বীজের বড় একটি অংশ এখনো বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এতে একদিকে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজার ও আমদানিনির্ভর সরবরাহব্যবস্থার ওপর নির্ভরশীলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে উচ্চফলনশীল পাটবীজ: উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)। ২০২৯ সালের মধ্যে দেশে প্রায় ৫ হাজার মেট্রিক টন মানসম্মত পাটবীজ
উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে তৈরি করা হয়েছে একটি কর্মপরিকল্পনা। উন্নত জাত উদ্ভাবন, প্রজনন বীজ উৎপাদন, চুক্তিবদ্ধ কৃষকের সংখ্যা বৃদ্ধি, নতুন উৎপাদন অঞ্চল সম্প্রসারণ এবং কৃষকদের আর্থিক প্রণোদনার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
কৃষি খাতের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৭ লাখ হেক্টর জমিতে পাট চাষ হয়। উৎপাদিত পাটের পরিমাণ প্রায় ১৫ লাখ মেট্রিক টন। বিশ্বে পাট উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দেশের অনুকূল আবহাওয়া, মাটি ও জলবায়ু পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। ফলে উৎপাদনের পাশাপাশি উন্নতমানের আঁশ তৈরিতেও বাংলাদেশের রয়েছে বিশেষ সক্ষমতা। একসময় দেশের মোট পাট চাষের বড় অংশজুড়ে ছিল দেশি পাট। সত্তরের দশকে দেশি ও তোষা পাট চাষের অনুপাত ছিল প্রায় ৭০:৩০। বর্তমানে তা পরিবর্তিত হয়ে প্রায় ১০:৯০-এ দাঁড়িয়েছে। উন্নত তোষা পাটের জাত উদ্ভাবন, আগাম বপনের উপযোগিতা এবং উৎপাদন প্রযুক্তির উন্নয়নের ফলে কৃ
ষকদের মধ্যে তোষা পাটের জনপ্রিয়তা বেড়েছে। বীজ আমদানিতে কমছে না নির্ভরতা: পাটের উৎপাদন বাড়লেও মানসম্মত বীজের জোগান এখনো বড় চ্যালেঞ্জ। ভালো মানের বীজ ব্যবহারে সাধারণত ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধি সম্ভব। অথচ দেশের পাটবীজের চাহিদার বড় অংশ পূরণ করতে হচ্ছে আমদানির মাধ্যমে। বিশেষ করে তোষা পাটের বীজের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরতা বেশি।
কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ উৎপাদন মৌসুমে পাট, মেস্তা ও কেনাফ চাষের জন্য প্রায় ৬ হাজার ৪০০ মেট্রিক টন বীজের চাহিদা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৫ হাজার ১৭৬ মেট্রিক টন বীজ আমদানির অনুমতি দেওয়া হয়। অন্যদিকে ২০২২-২৩ উৎপাদন মৌসুমে ৫ হাজার মেট্রিক টন আমদানির অনুমতির বিপরীতে প্রকৃত আমদানি হয়েছিল ৪ হাজার ১৬৬ মেট্রিক টন।
বিজেআরআই ও সংশ্লিষ্ট সংস্থার দেওয়া আমদানি-সংক্রান্ত পরিসংখ্যানেও প্রতিবছর কয়েক হাজার মেট্রিক টন পাটবীজ বিদেশ থেকে আনার চিত্র পাওয়া যায়। ফলে দেশীয় বীজ উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি। চার মাসেই বীজ উৎপাদনের প্রযুক্তি: পাটবীজ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ
পাট গবেষণা ইনস্টিটিউটের একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন হচ্ছে নাবী পাটবীজ উৎপাদন প্রযুক্তি। প্রচলিত পদ্ধতিতে পাটগাছ থেকে বীজ সংগ্রহ করতে প্রায় ১০ থেকে ১১ মাস সময় প্রয়োজন হয়। এতে কৃষককে দীর্ঘ সময় জমি ধরে রাখতে হয়। কিন্তু বিজেআরআই উদ্ভাবিত প্রযুক্তিতে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর-মাত্র চার মাসের মধ্যেই উন্নতমানের পাটবীজ উৎপাদন করা সম্ভব। তবে এই প্রযুক্তির সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষকদের আগ্রহ বাড়ানো কঠিন হয়ে পড়ছে। কারণ, বীজ উৎপাদনের নির্ধারিত সময়ে জমিতে উচ্চমূল্যের রবি ফসল চাষের সুযোগ থাকে। ফলে কৃষক পাটবীজ উৎপাদনের পরিবর্তে অন্য ফসল চাষে বেশি আগ্রহী হন। এ অবস্থায় বীজ উৎপাদনকে লাভজনক করতে আর্থিক সহায়তা, ন্যায্যমূল্য এবং সরকারি ক্রয়ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
'সবুজ সোনা' জাত উদ্ভাবনে নতুন আশার আলো: পাটবীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির একটি হচ্ছে বিজেআরআই তোষা পাট-৯, যার নাম দেওয়া হয়েছে 'সবুজ সোনা'। ২০২৩ সালে উদ্ভাবিত এই উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদি জাতটি জাতীয় বীজ বোর্ডের অনুমোদন পেয়েছে। দ্রুত বর্ধনশীল বৈশিষ্ট্য এবং কৃষক পর্যায়ে গ্রহণযোগ্যতা অর্জনের কারণে জাতটি পাট উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
এছাড়া দেশি পাট, তোষা পাট, কেনাফ ও মেস্তার উন্নত জাত উদ্ভাবন এবং বীজ উৎপাদন নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। শুধু ফলন বৃদ্ধি নয়, আঁশের গুণগত মান উন্নয়ন, রোগবালাই প্রতিরোধ এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম জাত উদ্ভাবনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষ করে দক্ষিণাঞ্চলের লবণাক্ততা, জলাবদ্ধতা এবং উত্তরাঞ্চলের খরাপ্রবণ এলাকার উপযোগী জাত উদ্ভাবনের জন্য গবেষণা চলছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এসব গবেষণা ভবিষ্যতে পাট চাষের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রজনন বীজ থেকে হাজার হাজার টন উৎপাদনের পরিকল্পনা: বিজেআরআইয়ের পরিকল্পনা অনুযায়ী, প্রজনন বীজ উৎপাদনের সক্ষমতাকে কাজে লাগিয়ে ধাপে ধাপে ভিত্তি বীজ ও প্রত্যায়িত বীজের উৎপাদন বাড়ানো হবে। ইনস্টিটিউটটির দেওয়া হিসাব অনুযায়ী, এক কেজি প্রজনন বীজ থেকে প্রায় ৭০ কেজি ভিত্তি বীজ এবং এক কেজি ভিত্তি বীজ থেকে প্রায় ৭০ কেজি প্রত্যায়িত বীজ উৎপাদন করা সম্ভব।
সেই হিসাবে বিজেআরআইয়ের দেড় মেট্রিক টন প্রজনন বীজ উৎপাদনের সক্ষমতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে প্রায় ৭ হাজার ৩৫০ মেট্রিক টন প্রত্যায়িত বীজ উৎপাদনের তাত্ত্বিক সুযোগ রয়েছে। তবে এই সক্ষমতা বাস্তবে কাজে লাগাতে উৎপাদন অঞ্চল, চাষির সংখ্যা, জমি, বীজের মান নিয়ন্ত্রণ ও সংগ্রহব্যবস্থা সমন্বিতভাবে সম্প্রসারণ করতে হবে।
২০২৯ সালের মধ্যে প্রায় ৫ হাজার মেট্রিক টন পাটবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে বিদ্যমান উৎপাদন অঞ্চলগুলোর পাশাপাশি নতুন জেলায় চুক্তিবদ্ধ কৃষক অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও রাজশাহীর পাশাপাশি পর্যায়ক্রমে কুমিল্লা, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, পটুয়াখালী, দিনাজপুর, রংপুরসহ বিভিন্ন অঞ্চলে উৎপাদন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এতে একদিকে স্থানীয় পর্যায়ে বীজ উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষকের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিএডিসির মাধ্যমে বীজ সংগ্রহ ও কৃষক পর্যায়ে বিতরণব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। কৃষকদের কেজিপ্রতি ১০০ টাকা প্রণোদনার প্রস্তাব
পাটবীজ উৎপাদন সম্প্রসারণের অন্যতম বাধা উৎপাদন খরচ। বিজেআরআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, কৃষক পর্যায়ে এক কেজি পাটবীজ উৎপাদনে ব্যয় হয় প্রায় ২০০ টাকা। প্রতিবেশী দেশ ভারতের তুলনায় দেশীয় উৎপাদন খরচ কেজিপ্রতি প্রায় ১০০ টাকা বেশি বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন। ফলে উৎপাদন খরচ বেশি হওয়ায় অনেক ক্ষেত্রে কৃষক দেশীয় বীজ উৎপাদনে আগ্রহ হারান।
এ সমস্যা সমাধানে দেশীয় পাটবীজ উৎপাদনকারী কৃষকদের কেজিপ্রতি ১০০ টাকা প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ধরনের সহায়তা চালু করা গেলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, লাভের সুযোগ বাড়বে এবং দেশীয় বীজ উৎপাদনে আগ্রহ তৈরি হবে। পাশাপাশি সরকারি উদ্যোগে উৎপাদিত বীজ ন্যায্যমূল্যে সংগ্রহের ব্যবস্থা থাকলে কৃষকের ঝুঁকিও কমবে।
পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে গবেষণা: পাট গবেষণার পরিধি এখন আর শুধু আঁশ উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রচলিত বস্তা ও সুতা তৈরির পাশাপাশি পরিবেশবান্ধব বহুমুখী পাটজাত পণ্য উদ্ভাবনে কাজ করছে বিজেআরআই। পাটের আঁশ দিয়ে জিওটেক্সটাইল, নার্সারি পট, বিভিন্ন ধরনের কম্পোজিট পণ্য, কাঠের বিকল্প উপকরণ এবং তুলার সঙ্গে মিশিয়ে উন্নতমানের সুতা ও কাপড় তৈরির গবেষণা চলছে। এসব উপকরণ দিয়ে সোফার কভার, পর্দার কাপড় ও পোশাক তৈরির সম্ভাবনাও তৈরি হয়েছে।
বিশেষ করে প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের ব্যবহার বাড়ানো গেলে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নতুন রপ্তানি সম্ভাবনা তৈরি হবে। এতে কাঁচা পাটের পাশাপাশি মূল্য সংযোজিত পণ্য রপ্তানির মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ সৃষ্টি হতে পারে।
কৃষক থেকে উদ্যোক্তা-প্রযুক্তি সম্প্রসারণে উদ্যোগ: গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের মাঠে পৌঁছে দিতে প্রশিক্ষণ, মাঠ দিবস, প্রদর্শনী খামার ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে পাটজাত পণ্য উৎপাদনে উৎ-সাহিত করা হচ্ছে।
এতে পাটভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হচ্ছে। পাটের নতুন নতুন পণ্য বাজারজাত করা গেলে কৃ ষক, উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠান-সব পক্ষই উপকৃত হবে।
গবেষণার সামনে কিছু সীমাবদ্ধতা: পাট গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি থাকলেও গবেষণা বাজেটের সীমাবদ্ধতা, পুরোনো ভবন ও অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, আধুনিক যন্ত্রপাতির স্বল্পতা এবং পর্যাপ্ত অর্থায়নের অভাব এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, বিদেশি বীজের প্রভাব এবং উন্নতমানের বীজ কৃষকের কাছে সময়মতো পৌঁছে দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
তবে গবেষণার পরিধি বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করা গেলে এসব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের বক্তব্য: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এম. এম. আলমগীর সাঈদ সকালের সময়কে বলেন, পাটের উন্নয়নে প্রতিষ্ঠানটি মূলত কৃষি গবেষণা, কারিগরি গবেষণা এবং সম্প্রসারণ ও উদ্যোক্তা উন্নয়ন-এই তিনটি ধারায় কাজ করছে। কৃষি গবেষণার মাধ্যমে উচ্চফলনশীল জাত উদ্ভাবন, চাষাবাদ প্রযুক্তির উন্নয়ন, সারের সঠিক মাত্রা নির্ধারণ এবং রোগবালাই দমনের বিষয়ে গবেষণা পরিচালিত হচ্ছে। উদ্ভাবিত জাতের প্রজনন বীজ বিএডিসিকে সরবরাহ করা হয়, যাতে তা পর্যায়ক্রমে কৃষকের কাছে পৌঁছানো সম্ভব হয়।
তিনি জানান, এ পর্যন্ত প্রতিষ্ঠানটি পাটের ৫৮টি জাত উদ্ভাবন ও অবমুক্ত করেছে। নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি বিদ্যমান জাতের উন্নয়ন, জাতের প্রতিস্থাপন এবং অঞ্চলভিত্তিক চাহিদা অনুযায়ী গবেষণা চলছে। দক্ষিণাঞ্চলের লবণাক্ততা ও জলাবদ্ধতা এবং খরাপ্রবণ এলাকার উপযোগী জাত উদ্ভাবনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু উৎপাদন বৃদ্ধি নয়, পাটের আঁশের গুণগত মান উন্নয়নও গবেষণার অন্যতম লক্ষ্য। মহাপরিচালক আরও বলেন, কারিগরি গবেষণার মাধ্যমে পাটের বহুমুখী ব্যবহার
বাড়ানো এবং প্রচলিত পণ্যের বাইরে নতুন মূল্য সংযোজিত পণ্য উদ্ভাবনে কাজ চলছে। জিওটেক্সটাইল, নার্সারি পট, কম্পোজিট পণ্য এবং তুলার সঙ্গে পাটের আঁশ মিশিয়ে উন্নতমানের কাপড় ও সুতা তৈরির গবেষণা ভবিষ্যতে পাটশিল্পের নতুন সম্ভাবনা তৈরি করবে। পাশাপাশি কৃষক ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ, মাঠ প্রদর্শনী এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে গবেষণার সুফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, গবেষণার বাজেট, আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা থাকলেও পাটের উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। দেশীয় উন্নত জাতের বীজ উৎপাদন বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমবে, কৃষক উপকৃত হবেন এবং দেশের অর্থনীতিতে পাটের অবদান আরও বাড়বে। পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে সোনালি আঁশের হারানো ঐতিহ্যকে নতুন অর্থনৈতিক সম্ভাবনায় রূপ দেওয়াই বিজেআরআইয়ের অন্যতম লক্ষ্য।























