
জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:০১ অপরাহ্ণ

রাজধানীর মানিকদির ইসিবি চত্বরের নামাপাড়া এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও চলাচলের রাস্তায় অবৈধ গেট স্থাপনের অভিযোগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন স্বপ্ননিবাস আবাসিক প্রকল্পসহ কয়েকটি আবাসিক ভবনের ভুক্তভোগী জমির মালিকেরা।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে এ দাবি জানান স্বপ্ননিবাস আবাসিক প্রকল্পের ৩৫ কাঠা জমির অন্যতম মালিক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন।
সংবাদ সম্মেলনে মহিউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, নিউগিনি প্রোপারটিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন ভুঁইয়া সাবেক মন্ত্রী এ আরাফাতের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তার ছত্রচ্ছায়ায় ও আব্বাস উদ্দিনের সহযোগিতায় তিনি ভাঙারি ব্যবসা থেকে ভূমি দখলের সঙ্গে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে ৫০টির বেশি মামলা রয়েছে। নাজিম উদ্দিন ভুঁইয়া এ পর্যন্ত প্রায় ১৩ থেকে ১৪ বিঘা জমি অবৈধভাবে দখল করে রেখেছেন।
তিনি বলেন, দখলে থাকা সম্পত্তি হাতছাড়া হওয়া ঠেকাতে এবং অবৈধ গেট অপসারণের উদ্যোগ বাধাগ্রস্ত করতে গত ২৬ সেপ্টেম্বর নিজস্ব লোকজন ও ভাড়াটে লোক দিয়ে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা ঘটান নাজিম উদ্দিন ভুঁইয়া। পরে উল্টো মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি করছেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, স্বপ্ননিবাস আবাসিক প্রকল্প, ক্যামেলিয়া টাওয়ার, বন্ধন টাওয়ার, ছায়ানীড় টাওয়ারসহ এলাকার প্রায় ৩০০ পরিবারের সদস্যরা জমি দখল ও হয়রানির শিকার হচ্ছেন। আমরা এসব সমস্যা থেকে মুক্তি পেতে সরকারের জরুরি হস্তক্ষেপ চাই।
সংবাদ সম্মেলনে নাজিম উদ্দিন ভুঁইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে অন্যের জমি অবৈধভাবে দখল, চাঁদাবাজি এবং জমির ওপর প্রতারণামূলকভাবে সাইনবোর্ড স্থাপন করে অর্থ আদায়ের অভিযোগ তোলা হয়। এসব অভিযোগে মামলাভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা। একই সঙ্গে চলাচলের রাস্তায় অবৈধভাবে স্থাপিত গেট অপসারণের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে মেজর (অব.) এম এম আরিফুর রহমান, ফিরোজ মিয়া, তাজুল ইসলাম বাবু, মনিরুল ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান, আল-আমিন, জাকির হোসেন, মিজানুর রহমান ও মাওলানা শাহরিয়ার মাহমুদসহ অন্য ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।























