বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

শেয়ার বিক্রি করতে সাফকো স্পিনিংয়ের পরিচালক ও ক্রেতাদের চুক্তি

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০২:৩৯ অপরাহ্ণ


শেয়ার বিক্রি করতে সাফকো স্পিনিংয়ের পরিচালক ও ক্রেতাদের চুক্তি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলসের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা শেয়ার বিক্রির বিষয়ে প্রস্তাবিত ক্রেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৫ নভেম্বর এ চুক্তি করেন কোম্পানিটির বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালক এবং প্রস্তাবিত ক্রেতারা।

প্রস্তাবিত ক্রেতারা হলেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসাহ আহমেদ, তাসমিনা আহমেদ ও আব্রার সৈয়দ আহমেদ। তবে শেয়ার বিক্রি ও হস্তান্তরের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই চুক্তির অনুলিপি চেয়ে কোম্পানিকে অনুরোধ জানালেও এখন পর্যন্ত তা পায়নি।

এদিকে, শেয়ার বিক্রির চুক্তির খবরের পাশাপাশি কোম্পানিটির আর্থিক অবস্থার দুর্বল চিত্রও সামনে এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে সাফকো স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭০ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ৩ টাকা ৮৩ পয়সায় নেমেছে। ওই অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান কিছুটা কমলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৪ পয়সা। সে হিসাবে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৮ পয়সা বা প্রায় ৫ শতাংশ।

অন্যদিকে, গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য আরও ঋণাত্মক হয়ে ৩ টাকা ৫৬ পয়সায় দাঁড়িয়েছে।

aliul / aliul

Link Copied