বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

পজিশন বিক্রিসহ ১৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গাউসুল আজম সুপার মার্কেটের নেতা মোতালেব ডিবির হাতে গ্রেফতার

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:০০ অপরাহ্ণ


গাউসুল আজম সুপার মার্কেটের নেতা মোতালেব ডিবির হাতে গ্রেফতার

রাজধানীর নিউমার্কেটস্থ গাউসুল আজম সুপার মার্কেটের সভাপতি মোহাম্মদ মোতালেব মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উত্তরার ডিবি পুলিশের একটি বিশেষ দলের অভিযানে তাকে গ্রেফতার করেছে বলে নিউমার্কেট থানার ডিউটি অফিসার সকালের সময়কে নিশ্চিত করেছেন। 
গ্রেফতারকৃত মোতালেব মিয়ার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডসহ একাধিক মামলার পলাতক আসামি, আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততা ও বিভিন্ন সংগঠনে অর্থের জোগানদাতা হওয়ার অভিযোগ রয়েছে। 
জানা গেছে, মোতালেব মিয়ার বিরুদ্ধে মিরপুর মডেল, যাত্রাবাড়ী, নিউমার্কেট, শাহবাগ ও মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একাধিক মামলার তথ্য রয়েছে। এসব মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারাও উল্লেখ রয়েছে। এর মধ্যে রাজধানীর মিরপুর মডেল থানায় ২০২৪ সালের ১৪ ডিসেম্বর এফআইআর নম্বর ৬৩, জিআর নম্বর ৫৩৭ এবং একই থানায় ১২ নভেম্বর ২০২৪ তারিখে এফআইআর নম্বর ২৪, জিআর নম্বর ৪৭১-এর মামলা রয়েছে।
এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থানায় ২০ জানুয়ারি ২০২৫ তারিখে এফআইআর নম্বর ৯৭, জিআর নম্বর ৭১; শাহবাগ থানায় ১৬ অক্টোবর ২০২৪ তারিখে এফআইআর নম্বর ১৪, জিআর নম্বর ৩৮২ এবং মোহাম্মদপুর থানায় ১৩ নভেম্বর ২০২৪ তারিখে এফআইআর নম্বর ৩৪, জিআর নম্বর ১২৪৪-এর মামলার তথ্য পাওয়া গেছে।
নিউমার্কেট থানায় গত ২০২৫ সালের ১৩ মার্চ তারিখে এফআইআর নম্বর ৭ এবং জিআর নম্বর ৩৮-এর একটি মামলার তথ্যও রয়েছে। তবে ওই মামলায় ৩১ মে ২০২৫ তারিখে চূড়ান্ত প্রতিবেদন দাখিল ও অব্যাহতির বিষয়টি নথিতে উল্লেখ রয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর দায়রা জজ আদালতের একটি সিজিআর মামলার তথ্যও সরবরাহ করা নথিতে পাওয়া গেছে।
রাজধানীর গাউসুল আজম মার্কেটের এই ব্যবসায়ী নেতা মোতালেব মিয়া আওয়ামী লীগের নিউমার্কেট থানা পর্যায়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং এসব সংগঠনের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। একাধিক মামলার তথ্য, তার রাজনৈতিক পরিচয়সংক্রান্ত অভিযোগ এবং গ্রেফতার বিষয়টি সামনে আসায় সংশ্লিষ্ট মামলাগুলোর বর্তমান অবস্থা, আসামির ভূমিকা ও অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে তদন্তের দাবি করেছেন ব্যবসায়ীরা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে তার গ্রেফতারের খবর শুনে ব্যবসায়ীরা উল্লাস প্রকাশ করেছেন। তারা বলছেন, গত ১৭ বছর ধরে অবৈধভাবে মার্কেটের সভাপতির পদ ধরে রেখেছেন মোতালেব মিয়া। এই সময়ে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিদ্যুৎ ও নিরাপত্তার নামে প্রতিমাসে অতিরিক্ত টাকা নিয়েছেন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোতালেবসহ তার কমিটির সদস্যরা সরাসরি ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ৫ আগস্টের পর কমিটির অন্য সদস্যরা পালিয়ে গেছেন। তবে মোতালেব মার্কেটের ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করে আসছিলেন।
উল্লেখ্য, রাজধানী ঢাকার নিউমার্কেট ও নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেটের দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোতালেব মিয়ার বিরুদ্ধে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাত বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে প্রায় ১৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সমিতির হিসাব ও নিরীক্ষা নিয়ে প্রশ্ন তুলে ব্যবসায়ীরা আগে থেকেই টেস্ট অডিটের দাবি জানিয়ে আসছিলেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সমবায় অধিদপ্তরের নির্দেশে ঢাকা জেলা সমবায় কার্যালয়ের একটি তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে। আর তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে অবৈধভাবে সভাপতির পদ ধরে রেখে ক্ষমতার অপব্যবহার করেছেন। এ দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভও করেছেন এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। আবার মার্কেটের দোকান বরাদ্দ ও দলিল সংক্রান্ত অনিয়ম ছাড়াও পজিশন হস্তান্তর ও অবৈধভাবে দলিল দেওয়ার মতো অনিয়মে জড়িত এবং সমিতির সম্পদ সংক্রান্ত বিষয়ে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড করেছেন। অভিযোগকারীদের দাবি, তাঁর অনিয়মের প্রতিবাদ করলে সংশ্লিষ্টদের মাধ্যমে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে দেওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বা হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

aliul / aliul

Link Copied