
দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলেকট্রিক ভেহিকেল প্রদর্শন করল আরজেড ন্যানোটেক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ও স্মার্ট মোবিলিটি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক যান প্রদর্শন করেছে রহিমআফরোজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরজেড ন্যানোটেক লিমিটেড (ARZED Nanotech Ltd.)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ যান প্রদর্শন করা হয়। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
প্রদর্শনী চলাকালে প্রতিমন্ত্রী আরজেড ন্যানোটেক লিমিটেডের স্টল পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারাজ এ. রহিম তাঁর কাছে বাংলাদেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইলেকট্রিক ভেহিকেল (মেড ইন বাংলাদেশ ইভি) উপস্থাপন করেন। প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক যানটি ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে অবহিত হন।
প্রদর্শনীতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বাংলাদেশে নিজস্ব প্রযুক্তিতে ইলেকট্রিক ভেহিকেল তৈরি দেশের শিল্প ও প্রযুক্তি খাতের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে এবং ভবিষ্যতের স্মার্ট মোবিলিটি নিশ্চিত করতে দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তির বিকাশকে উৎসাহিত করতে হবে।
আরজেড ন্যানোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারাজ এ. রহিম বলেন, তাঁদের লক্ষ্য বাংলাদেশেই নিজস্ব প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের ইলেকট্রিক ভেহিকেল তৈরি করা। ‘মেড ইন বাংলাদেশ ইভি’ শুধু একটি পণ্য নয়, এটি দেশের প্রযুক্তিগত সক্ষমতা ও ভবিষ্যৎ শিল্পায়নের সম্ভাবনার প্রতীক। দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিবেশবান্ধব যানবাহন বাংলাদেশের সড়কে নতুন পরিবর্তন আনার পাশাপাশি একসময় বিশ্ববাজারেও জায়গা করে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি-বেসরকারি উদ্যোগ, গবেষণা ও প্রযুক্তিগত বিনিয়োগ বাড়লে বাংলাদেশ ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেল উৎপাদনে একটি সম্ভাবনাময় দেশে পরিণত হতে পারে।






















