শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

ডিআইইউডিএস এর ৫ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

reporter

কাজী মুহাম্মদ মাহিম (ক্যাম্পাস প্রতিনিধি)

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০১:৫৯ অপরাহ্ণ


ডিআইইউডিএস এর ৫ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজিত ৫ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হয়েছে আইন বিভাগের বিতর্ক দল 'সেন্টেস অব ডেথ’ এবং রানারআপ হয়েছে ফার্মেসি বিভাগ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের এসটিসি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, 'দেশের বর্তমান কঠিন সময়েও তরুণদের মধ্যে যুক্তিনির্ভর বিতর্কচর্চা অত্যন্ত ইতিবাচক। শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপনের দক্ষতা আমাকে মুগ্ধ করেছে।'

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, 'বিতর্ক চলাকালে আমি লক্ষ্য করেছি প্রধানমন্ত্রী যতটুকু সময় বক্তব্য দিয়েছেন, বিরোধী দলের একজন সংসদ সদস্য ঠিক ততটুকু সময় পেয়েছেন। এমনকি প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যরা নির্ভয়ে দাঁড়িয়ে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। আমরা বাংলাদেশের ভবিষ্যতে সংসদেও এমন চর্চা দেখতে চাই যেখানে বিরোধী দলের একজন সদস্য প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবেন এবং প্রধানমন্ত্রী সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন।'

উক্ত অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, 'ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার বিকাশে নতুন নতুন বিতর্ক আয়োজন করতে চায়। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের সীমাবদ্ধতা দূর করে নতুন চিন্তা ও মতামত প্রকাশের সুযোগ তৈরি হবে।'

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন নুসরাত জাহান নিশাত, হালিমা আক্তার ও সুমাইয়া আক্তার।

কাজী মুহাম্মদ মাহিম (ক্যাম্পাস প্রতিনিধি) / এমএসএম

Link Copied