শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

‘গণভোট ও জুলাই সনদের দাবি না মানলে হরতাল-অবরোধ-ঘেঁরাও’

reporter

আল আবির রায়হান

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ


‘গণভোট ও জুলাই সনদের দাবি না মানলে হরতাল-অবরোধ-ঘেঁরাও’

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ​দাবি আদায় না হলে হরতাল, অবরোধের পাশাপাশি সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেঁরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শাখা ছাত্রশিবির আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

​গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সাদ্দাম বলেন, “নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা থাকলেও সরকারি দল তা নেয়নি। প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি। এতে ৭০ শতাংশ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”

​ধারাবাহিক কর্মসূচির ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে। সরকার দাবি না মানলে অবরোধ, হরতাল, সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হতে পারে।”

​আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিবির সভাপতি অভিযোগ করেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর এ পুলিশের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই অথবা ইচ্ছা করেই তিনি নিয়ন্ত্রণ নিচ্ছেন না, অথবা আওয়ামী লীগকে তারা সুযোগ দিচ্ছে।”

​গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্যের বাড়িঘর ও থানা পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পুলিশ দিনভর গ্রেফতার করলেও রাতে তাদের ছেড়ে দিচ্ছে। এমনকি থানায় আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের সঙ্গে কোলাকুলি করেছেন এবং তাদের সঙ্গে খাওয়াদাওয়ার আয়োজন করেছেন।”

​জনগণের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে সাদ্দাম বলেন, “জনগণ এখন ভীতসন্ত্রস্ত এবং জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমান সরকার জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য কাউকে দায়িত্ব না দিলে ভবিষ্যতে যে পরিস্থিতি তৈরি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।”

​এ সময় জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, গণহত্যার বিচার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ারও সমালোচনা করেন তিনি। তার দাবি, প্রশাসন ঢেলে না সাজানোয় আগের সরকারের সময়কার সহযোগীরা এখনো বিভিন্ন দপ্তরে বহাল রয়েছেন।

আল আবির রায়হান / এমএসএম

Link Copied