শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির উদ্যোগ, হতাশ মানবাধিকার সংগঠনগুলো

reporter

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০১:৪৮ অপরাহ্ণ


প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির উদ্যোগ, হতাশ মানবাধিকার সংগঠনগুলো

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার ব্যবহার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের উদ্যোগ নিতে সম্মত হয়েছে ১২৮টি দেশ। আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে একটি আন্তর্জাতিক আইনি দলিল তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কথিত ‘কিলার রোবট’ বা প্রাণঘাতী রোবটের ব্যবহার বন্ধে কাজ করা বিভিন্ন সংগঠন এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, প্রযুক্তির দ্রুত অগ্রগতির তুলনায় উদ্যোগটি অনেকটাই ধীর ও দুর্বল।

জাতিসংঘের অধীনে জেনেভায় টানা পাঁচ দিন ধরে চলা আলোচনা নির্ধারিত সময় পেরিয়ে শনিবার (২১ নভেম্বর) ভোর পর্যন্ত অব্যাহত থাকে। শেষ পর্যন্ত সদস্য দেশগুলো প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরির উদ্যোগে একমত হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

জেনেভায় প্রচলিত অস্ত্রবিষয়ক কনভেনশনের (সিসিডব্লিউ) পর্যালোচনা সম্মেলনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সভাপতি জুলিয়েন থনি জানান, সিসিডব্লিউর ১২৮টি সদস্য দেশ প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার বিষয়ে একটি আন্তর্জাতিক আইনি দলিল প্রণয়নের উদ্যোগ নিতে সম্মত হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

তবে এ সমঝোতায় পৌঁছানো সহজ ছিল না। বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য এবং সিদ্ধান্ত গ্রহণে সর্বসম্মতির বাধ্যবাধকতার কারণে আলোচনা বেশ জটিল হয়ে ওঠে।

অধিকাংশ দেশ এ ধরনের অস্ত্র নিয়ন্ত্রণে আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তির পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকা কয়েকটি দেশ নিজেদের ওপর বিধিনিষেধ আরোপে অনাগ্রহ দেখিয়েছে।

সুইস কূটনীতিক থনি এএফপিকে বলেন, পরবর্তী আলোচনায় কোন ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় সম্পূর্ণ নিষিদ্ধ করা প্রয়োজন এবং কোনগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহারের সুযোগ রাখা যেতে পারে, তা নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, আলোচনায় ‘আলোচনা’ শব্দটির ব্যবহার নিয়েও কয়েকটি দেশ আপত্তি জানিয়েছিল। শেষ পর্যন্ত ‘প্রণয়ন’ শব্দ ব্যবহারের বিষয়ে দেশগুলো একমত হয়।

এদিকে সিদ্ধান্তটিকে যথেষ্ট কার্যকর মনে করছে না প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রবিরোধী প্রচারক সংগঠনগুলো। তাদের আশঙ্কা, প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপে বিলম্ব হলে সাধারণ মানুষের জীবন আরও ঝুঁকির মুখে পড়বে।

এ জোটের নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইয়েন বলেন, যুদ্ধক্ষেত্রে ইতোমধ্যে লক্ষ্যবস্তু নির্ধারণসহ বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্বয়ংক্রিয় অস্ত্র প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি প্রণয়নে বিলম্ব বেসামরিক জনগণ ও সামগ্রিক মানবজাতির জন্য ঝুঁকি বাড়াচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্রবিষয়ক উপপরিচালক ভেরিটি কয়েলও এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। তার মতে, স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন নিয়ম প্রণয়নের জন্য যে জরুরি পদক্ষেপ প্রয়োজন, গৃহীত সিদ্ধান্তে তার প্রতিফলন নেই। অথচ কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সঙ্গে সঙ্গে এ ধরনের অস্ত্রের সক্ষমতাও দ্রুত বাড়ছে।

মানুষের জীবন-মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণভাবে যন্ত্রের হাতে ছেড়ে দেওয়া ঠেকাতে দ্রুত ও আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক বিধিনিষেধের দাবি জানিয়ে আসছে বিভিন্ন মানবাধিকার ও নিরস্ত্রীকরণ সংগঠন।

aliul / aliul

Link Copied