শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

মহেশপুরে বিজিবির অভিযানে একাধিক মামলার আসামি ২ মানব পাচারকারী আটক

reporter

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ


মহেশপুরে বিজিবির অভিযানে একাধিক মামলার আসামি ২ মানব পাচারকারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অভিযান চালিয়ে দুই মানব পাচারকারী ও অবৈধ অনুপ্রবেশে সহায়তাকারী দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।

গত ২০ নভেম্বর রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

​বিজিবি সুত্রে জানাযায়, মহেশপুর ব্যাটালিয়নের কুসুমপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার মোঃ ভূইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান চালায়।

রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার-৬১/১৮-আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে পিপুলবাড়িয়া গ্রামের মাঠ থেকে সাকিব হাসান (২৫) নামের এক দালালকে আটক করা হয়।

তিনি মহেশপুরের পিপুলবাড়িয়া গ্রামের উজ্জল হোসেনের ছেলে।

​এরপর রাত ৯টার দিকে একই সীমান্ত পিলার থেকে প্রায় ৩০০ গজ ভেতরে পিপুলবাড়িয়া পাকা রাস্তার ওপর থেকে রিয়াজ হোসেন (২৪) নামের আরেক দালালকে আটক করা হয়। তিনি একই গ্রামের শফিকুর ইসলামের ছেলে।

​বিজিবির তথ্য অনুযায়ী, আটক সাকিব হাসানের বিরুদ্ধে মানব পাচার, পাসপোর্ট আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি করে মোট তিনটি মামলা রয়েছে।

অন্যদিকে রিয়াজ হোসেনের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি এবং পাসপোর্ট আইনে পাঁচটি মামলা রয়েছে।

​আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর / এমএসএম

Link Copied