
মাতারবাড়ী বন্দরের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকতে হবে : আযাদ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ণ

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরিচালনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেছেন, বন্দরটির পুরোপুরি নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পরিণত হতে না পারে।
শনিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্সের (সিআইপিজি) আয়োজনে ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর : উন্নয়নের সম্ভাবনা ও কৌশলগত নিরাপত্তার চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, সমুদ্রবন্দর একটি জাতির অর্থনীতির জন্য যেমন : আশীর্বাদ, তেমনি জাতীয় ও ভূরাজনীতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। জাতীয় নিরাপত্তার স্বার্থ অক্ষুণ্ন রেখে বঙ্গোপসাগর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কাজে লাগাতে হবে। এই বন্দর ব্যবহার করে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের স্বার্থ সুরক্ষা ও প্রকল্পের ক্ষতিকর দিকগুলো বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, মাতারবাড়ীতে সমুদ্রবন্দর নির্মাণের কারণে স্থানীয় জনগণ নানা সমস্যার মুখে পড়েছেন। যারা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের অনেকে এখনো ক্ষতিপূরণের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরছেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এসব মানুষের অধিকার ও স্বার্থ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা, সমুদ্রবিষয়ক গবেষক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে অন্য দেশের পণ্যবাহী জাহাজ চলাচল করলেও তার নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকতে হবে। বাংলাদেশ যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই জাহাজ চলাচল করতে হবে।
তিনি বলেন, শুধু গভীর সমুদ্রবন্দর নির্মাণ করলেই অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে না। এর জন্য অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন আন্তঃসংযোগ নিশ্চিত করা জরুরি।
বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব শফিউল্লাহ বলেন, বাংলাদেশের নীতি কোনো দেশের বিরুদ্ধে হওয়া উচিত নয়। বরং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করাই নীতির মূল লক্ষ্য হওয়া প্রয়োজন। আঞ্চলিক ও ভূরাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে হবে।
গোলটেবিল আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিজানুর রহমান। তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন গতি সঞ্চার, পরিবহন ব্যয় ও সময় কমানো এবং আঞ্চলিক ট্রান্সশিপমেন্টের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করেছে।
তিনি জানান, বন্দরের চ্যানেলের পরিকল্পিত গভীরতা ১৮ দশমিক ৫ মিটার। প্রায় ১৬ মিটার ড্রাফটের বড় জাহাজ চলাচলের উপযোগী করে এটি গড়ে তোলার লক্ষ্য রয়েছে। তবে পর্যাপ্ত পণ্য পরিবহন, আধুনিক ব্যবস্থাপনা, কার্যকর যোগাযোগ অবকাঠামো এবং বন্দরকেন্দ্রিক শিল্পায়ন নিশ্চিত করা না গেলে বিপুল বিনিয়োগের প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে।
আলোচনায় বক্তারা চারটি সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- বন্দরের পরিচালনা, নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করা; বিদেশি আধিপত্য ও কোনো একক রাষ্ট্রের ওপর নির্ভরশীলতা পরিহার করা; সোনাদিয়া ও মাতারবাড়ী প্রকল্পের তুলনামূলক ব্যয়-সুবিধা মূল্যায়ন এবং ঋণ ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা।
এ ছাড়া ভারত, নেপাল ও ভূটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ন্যায্য বন্দর মাশুল, পারস্পরিক বাজার সুবিধা ও সমতাভিত্তিক ট্রানজিট চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের সুপারিশ করা হয়। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সমন্বয়, বন্দরকেন্দ্রিক শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়।
সিআইপিজির চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম।
আলোচনায় বক্তারা বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সফলতা শুধু অবকাঠামো নির্মাণ কিংবা বিদেশি বিনিয়োগের পরিমাণ দিয়ে বিচার করা যাবে না। এর প্রকৃত সাফল্য নির্ভর করবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সক্ষমতা, স্থানীয় কর্মসংস্থান, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি সার্বভৌম স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তার ওপর।
তারা বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো বিদেশি শক্তির কৌশলগত স্বার্থের কাছে জাতীয় অর্থনৈতিক স্বার্থ ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকার সমর্পণ করা যাবে না।






















