
শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা-২০২৬ সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দরগাপাশা আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়ার আন্তরিক প্রচেষ্টায় এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব রাজস্ব আয় (হোল্ডিং ট্যাক্স ও ব্যবসায়িক কর) থেকে প্রাপ্ত অর্থায়নে ইউনিয়নের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়।
এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম ভূঁইয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুক আলী, ইউপি সদস্য সুমন মিয়া, রুবা রানী দাস, মরিয়ম বেগম ও সুহেনা বেগম।
এ ছাড়া উপস্থিত ছিলেন হলদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বুড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, সিদখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মজুমদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
জানা যায়, দরগাপাশা ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৬৩৬ জন শিক্ষার্থী এ মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনায় ৪০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থী স্বেচ্ছায় কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
পরীক্ষার বিষয়ে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া বলেন, ‘প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষার ভিত্তি (ফাউন্ডেশন) গড়ে তুলতে এ মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত উপকারী। তা ছাড়া, শিক্ষার্থীরা যখন মাধ্যমিক পর্যায়ে যাবে, তখন এ মেধাবৃত্তি পরীক্ষা তাদের কাজে লাগবে এবং তাদের মধ্যে পড়াশোনার প্রতি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে। শিক্ষার উন্নয়নে আমাদের চেষ্টা থাকবে, যাতে এ পরীক্ষা সবসময় চলমান রাখা যায়।’




















