
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়ন জমা ৬ ডিসেম্বর পর্যন্ত
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি (২০২৭) এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, নির্বাচনে আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর এবং পরদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এছাড়া এবারের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
তফসিল ঘোষণার পাশাপাশি দেশের হালনাগাদ ভোটার সংখ্যা এবং আসন্ন রাজনৈতিক সংলাপের বিষয়েও তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে ইসি। এই সংলাপে অংশ নেওয়ার জন্য ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।























