
আদালতের বাইরে হত্যায় অভিযুক্তের হাত কেটে দিলো দুর্বৃত্তরা
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ

ভারতের পুনেতে হত্যায় অভিযুক্ত এক ব্যক্তির ওপর আদালতের বাইরে হামলা হয়েছে। এ সময় তার একটি হাত কেটে দেয় দুর্বৃত্তরা। এছাড়া তাকে গুলিও করা হয়।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
হামলার শিকার হওয়া ব্যক্তির নাম মারুতি কিভলে। তিনি গত বছরের এপ্রিলে সুভাম সুভাস চাভান নামে একজনকে হত্যার দায়ে গ্রেপ্তার হন। এরপর তিনি কারাগারেই ছিলেন। মাত্র চারদিন আগে জামিনে বের হন। এরপর আজ দুপুরে গিয়েছিলেন আদালতে হাজিরা দিতে। এ সময় তার ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয়। এছাড়া তাকে গুলিও করা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সুভাম সুভাস চাভানকে জমি ও অর্থনৈতিক দ্বন্দ্বের জেরে হত্যা করেছেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, একটি ভিডিওতে দেখা গেছে দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে কোপাচ্ছে। এরপর তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে গুলি করে দুজন দুর্বৃত্ত স্কুটারে করে পালিয়ে যান।
চাপাতির কোপে হাত বিচ্ছিন্ন ও গুলি করার পরও তিনি ওঠে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তিনি বেঁচে গেছেন নাকি মারা গেছেন সেটি নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।
আরেকটি ভিডিওতে দেখা গেছে তিনি ফুটপাথে পড়ে আছেন। আর এ সময় তার পুরো শরীর রক্তে ভেজা ছিল। তবে অন্যরা চেয়ে চেয়ে দেখলেও তাকে কেউ উদ্ধার করতে যায়নি।
সূত্র: এনডিটিভি























