
মিরপুর-১০ ফুটপাতে পুনরায় বসা হকার উচ্ছেদ, দখলমুক্ত হলো জনচলাচলের পথ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:০০ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাতে পুনরায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে জনচলাচলের পথ দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন জানান, মিরপুরের ফুটপাতগুলো সম্পূর্ণ দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি মিরপুর-১০ ফুটওভার ব্রিজের চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উল্লেখ্য, এর আগে গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। জনগণের প্রশংসিত সেই উদ্যোগকে বাধাগ্রস্ত করে গত কয়েক দিন ধরে কিছু হকার পুনরায় মিরপুরের বিভিন্ন ফুটপাতে বসার চেষ্টা করলে খবর পেয়ে বুধবার বিকেলে প্রশাসক নিজে উপস্থিত হয়ে পুনরায় ফুটপাতটি হকারমুক্ত করেন।




















