
চিলমারীতে মাদক কারবারির ভাই কতৃক স্থানীয়দের হুমকি, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ

কুড়িগ্রামের চিলমারীতে একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করায় স্থানীয় এক যুবক মাদক কারবারির বড় ভাই দুলু মিয়া কর্তৃক হুমকির শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা ইউনিয়নের খরখরিয়া গ্রামের মালেক মোড় তেলিপাড়া এলাকায়।
চিলমারী থানা সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর-২০২৬ রাত আনুমানিক ৯.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে উপজেলার খরখরিয়া মালেক মোড় তেলিপাড়া এলাকার মাদককারবারি রুবেল মিয়ার বাড়িতে উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আলীউল হোসেন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া তার বাড়ির উঠান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু ছুটে গিয়ে তাকে বাড়ি থেকে ৬০০ মিটার দূরে খরখরিয়া তেলিপাড়া এলাকার মুকুল মিয়ার বাড়ির সামনে নালার পাড় ব্রিজের উপর থেকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবাসহ আটক করে জেল হাজতে প্রেরণ করেন। উক্ত ঘটনাটিকে কেন্দ্র করে গত ২০ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় স্থানীয় বাসিন্দা খরখরিয়া মালেক মোড় তেলিপাড়া এলাকার নুরুজ্জামানের পুত্র রানা মিয়া ধৃত মাদক কারবারি রুবেল মিয়ার বড় ভাই দুলু মিয়ার দেখা পেয়ে তাহার ভাই রুবেল মিয়াকে মাদক দ্রব্যের ব্যবসা হইতে বিরত থাকার কথা বললে সে উত্তেজিত হয়ে গালাগালি করে ও মাদক দ্রব্য দ্বারা ফাঁসিয়ে দেওয়াসহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন। ওই দিন রাতেই বিষয়টি নিয়ে চিলমারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছে রানা মিয়া। অপরদিকে চিলমারী থানা পুলিশ কর্তৃক মাদক কারবারিকে আটক করে জেল হাজতে প্রেরণ করায় পুলিশের দায়িত্বরত এস আই আলিউল হোসেন চৌধুরীসহ সঙ্গীও ফোর্সদের বিরুদ্ধে পরিবারের লোকজন আর্থিক লেনদেন সহ বিভিন্ন প্রকার মিথ্যা অভিযোগ তুলে ধরে বিভিন্ন অন লাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় পুলিশ এ ধরনের কাজে উৎসাহ হারিয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে চিলমারী মডেল থানার এসআই আলীউল হোসেন চৌধুরী বলেন, রুবেলের বাড়িতে অভিযান চলাকালে তার বাড়ির উঠান কিংবা রাস্তায় কোন মোটরসাইকেল দেখতে পাইনি, এধরণের মিথ্যা অপপ্রচার করায় চিলমারী মডেল থানা পুলিশ মর্মাহত।






















