
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের অর্থ আত্মসাৎ মামলায় সাবেক এডিসি কারাগারে, ডিসির বিরুদ্ধে পরোয়ানা
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পলাতক থাকা কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) যুক্তিতর্ক উপস্থাপন শেষে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই আদেশ দেন এবং আগামী ৩০ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, এ মামলায় মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছিল। এর মধ্যে ১৯ জন আসামির বিচার কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। বাকি ১৫ জন আসামির বিরুদ্ধে ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। মঙ্গলবার আদালতে উপস্থিত থাকা সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং অনুপস্থিত থাকা সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত চিংড়িঘের ও ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় এবং নানা কৌশলে সেখান থেকে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক ডিসি মো. রুহুল আমিন ও সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে দুদক মামলাটি তদন্ত করে ৩৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পায় এবং ২০১৭ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ ১২ বছর বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি এখন রায়ের অপেক্ষায় রয়েছে।



















