
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:২০ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় একজনকে এবং মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে অপরজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় পূর্বের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে তাদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (ইউনিয়ন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহম্মদ আলী (৪৯)। তিনি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ভূরুঙ্গামারী বাজারের পানহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আহম্মদ আলীর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মামলা নম্বর-১৬, তারিখ ২৫ মে ২০২৫ এবং জিআর নম্বর-৮০ রয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারায় দায়ের করা হয়েছে। অপরদিকে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আয়নাল হক ওরফে ঝন্টু (৪৮) কে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ সাইড গোপালপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। ভূরুঙ্গামারী বাস টার্মিনাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, আয়নাল হকের বিরুদ্ধে ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ভূরুঙ্গামারী থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলার এফআইআর নম্বর-১৭ এবং জিআর নম্বর-২০৫।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাইদ সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় পূর্বের মামলা রয়েছে। তাদেরকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।



















