মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

‎প্রাথমিক স্বাস্থ্যসেবার সাথে চোখের যত্ন: ভবিষ্যৎ নীতিমালার লক্ষ্যে ঢাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter

‎ইমাম হোসেন

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ


‎প্রাথমিক স্বাস্থ্যসেবার সাথে চোখের যত্ন: ভবিষ্যৎ নীতিমালার লক্ষ্যে ঢাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎​বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে, আজ১৭ নভেম্বর ঢাকার বনানী হোটেল শেরাটনে পালিত হলো "বার্ষিক চোখের স্বাস্থ্য ফোরাম ২০২৬"। হার্ট টু হার্ট ফাউন্ডেশন এবং কোইকা (KOICA)-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়। এই ফোরামে মূল আলোচনার বিষয় ছিল: "Integrated Eye Care through PHC: From Policy to Sustainable Practice" (প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে সমন্বিত চোখের যত্ন: নীতিমালা থেকে টেকসই চর্চায়)। 
‎
‎​অনুষ্ঠানে স্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতি-নির্ধারক, এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। দিনব্যাপী এই কর্মসূচির লক্ষ্য ছিল, কীভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে চোখের সাধারণ রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এবং তা একটি টেকসই নীতিমালার আওতায় আনা যায়।
‎
‎​সকাল সাড়ে ৯টায় নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ফোরামের উদ্দেশ্য তুলে ধরে উদ্বোধনী বক্তব্য রাখেন হার্ট টু হার্ট ফাউন্ডেশনের গ্লোবাল প্রোগ্রাম ডিরেক্টর হু-জিয়ং, মুন। তিনি বলেন, "চোখের যত্ন শুধুমাত্র বিশেষায়িত হাসপাতাল নয়, বরং প্রাথমিক স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত।"
‎
‎​উদ্বোধনী বক্তব্যে ওএসবি (OSB)-এর সেক্রেটারি জেনারেল ডা. মো. জিন্নু রায়েন চোখের স্বাস্থ্য সুরক্ষায় জনবলকে শক্তিশালী করার গুরুত্বারোপ করেন। এছাড়াও, ডিজিএইচএস সিএস (ঢাকা)-এর ডা. মো. জাকারিয়া মাহমুদ জাতীয় স্বাস্থ্য নীতির সাথে প্রাথমিক স্বাস্থ্যসেবা সমন্বয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি ডা. খ. ওয়াতিন আলম এ বিষয়ে বৈশ্বিক দিকনির্দেশনা তুলে ধরেন।
‎
‎​দিনের প্রথম অধিবেশনে মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। ডা. শান্তনু সাহা (সাভার ইউএইচসি ও হার্ট টু হার্ট ফাউন্ডেশন) এনসিডি (অসংক্রামক রোগ) সেবা কেন্দ্রে চোখের যত্নের অন্তর্ভুক্তি কীভাবে সম্ভব তা ব্যাখ্যা করেন। এছাড়াও, ফ্রেড হলোস ফাউন্ডেশন এবং হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা সমন্বিত ও বহুমাত্রিক পদক্ষেপের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবায় চোখের যত্নকে কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা করেন।
‎
‎​দ্বিতীয় অধিবেশনে মূল আলোচনার বিষয় ছিল 'Towards IPEC: Systems, Communities and Partnerships'। ডা. খালেদা ইসলামের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনায় অংশ নেন ডা. এস. এম. এনামুল হক (NIO&H), হু-জিয়ং, মুন (HtHF), ডা. মুনির আহমেদ (Orbis/IAPB), আমৃতা রেজিনা রোজারিও (Sightsavers), এবং ডা. শামীম হায়দার (NCD Forum)। আলোচকরা সরকারি-এনজিও জোটের মাধ্যমে যৌথ উদ্যোগ ও নীতিমালার পরবর্তী করণীয় বিষয়ে মতামত দেন।
‎
‎​অংশগ্রহণকারীদের সাথে মুক্ত আলোচনা ও প্রতিফলনের পর, ডা. সৈয়দ মেহবুব উল কাদির (পরিচালক, NIO&H) অনুষ্ঠান নিয়ে তার অনুভূতি প্রকাশ করেন। সমাপনী বক্তব্য রাখেন হার্ট টু হার্ট ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কিউ-তায়েক, কাং। তিনি বলেন, এই ফোরামের সুপারিশগুলো আগামী দিনের জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎​সবশেষে, নেটওয়ার্কিং ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

Link Copied