মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে ইবি প্রশাসনের নতুন নির্দেশনা

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ


ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে ইবি প্রশাসনের নতুন নির্দেশনা

​ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার ও সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে চলাচলের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

​সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে ছাত্র-উপদেষ্টা, প্রক্টরিয়াল বডি এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসে চলাচলকারী সব মোটরসাইকেলের কাগজপত্র এবং চালকের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আগামী সাত দিনের মধ্যে প্রক্টর অফিসে জমা দিতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ছাত্রসংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ ও অনুরোধ ছাড়া সংগঠনগুলোর দলীয় কক্ষে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে নিজ নিজ সংগঠনের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানানো হয়।

​কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অনুমতি সাপেক্ষে সংগঠনগুলো নিজ নিজ কর্মসূচি পালন করতে পারবে। কর্মসূচির প্রচারের জন্য অনুমতি নিয়ে সর্বোচ্চ ১০ দিন আগে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো যাবে এবং কর্মসূচি শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে তা নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। তবে প্রধান ফটকের ক্ষেত্রে কর্মসূচির আগের তিন দিন ও পরের দুই দিন পর্যন্ত প্রচারসামগ্রী রাখা যাবে। পাশাপাশি কর্মসূচি চলাকালে মাইক ব্যবহারের ক্ষেত্রেও প্রশাসনের পূর্বানুমতি নিতে হবে।

​সভায় আসন্ন প্রধানমন্ত্রীর আগমন ও সমাবর্তন আয়োজন সফল করতে ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেন ছাত্রসংগঠনগুলোর নেতারা।

​সভায় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ, সহকারী প্রক্টরবৃন্দ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

Link Copied