
বাঘায় স্কুল সময়ে তালাবদ্ধ সোনাদহ উচ্চ বিদ্যালয়, তদন্তের নির্দেশ ইউএনও'র
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ

আজ দুপুর ২:৩০ মিনিটে বাঘা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. তকী ফয়সাল তালুকদার সরেজমিনে সোনাদহ উচ্চ বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্কুলের সমস্ত কক্ষ তালাবদ্ধ পাওয়া যায় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তিনি নিজেই স্কুলে উপস্থিত হয়ে এ অবস্থা দেখতে পান।
স্থানীয় জনগণের কাছ থেকে স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ শুনে ইউএনও ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে।
এ অবস্থায় স্কুলের নির্ধারিত সময়ে স্কুল বন্ধ রাখা ও দায়িত্ব পালনে অবহেলা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের বিরুদ্ধে চাকুরি হতে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
তদন্তের প্রমাণক হিসেবে পরিদর্শনের ছবি এবং ভিডিও সংরক্ষণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার অব্যবস্থাপনা রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে।






















