
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ণ

আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও তেজগাঁও থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। পরে তেজগাঁও থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বের হওয়া বিক্ষোভ মিছিলে তিনি নেতৃত্ব দেন।
মিছিল শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সাইফুল আলম নীরব শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। দেশের জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করবে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি তেজগাঁওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী নানা স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ তুলে ধরেন।






















