
ডা. কে এম বাবরের হাসপাতাল ও বাসভবনে হামলার ঘটনায় ড্যাবের তীব্র নিন্দা
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং তাঁর বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা আরাফ জেনারেল হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এতে হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রীর ব্যাপক ক্ষতিসাধন হয় এবং ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে ডা. কে এম বাবরের বাসভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এক যৌথ বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দীপু বলেন, হাসপাতাল মানবসেবার একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে অসুস্থ ও অসহায় মানুষ জীবন বাঁচাতে আসেন। এমন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ অত্যন্ত বেদনাদায়ক ও অমানবিক।
নেতৃবৃন্দ আরও বলেন, সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের হামলা চিকিৎসাসেবার পরিবেশ ব্যাহত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। তাঁরা হাসপাতাল ও সংসদ সদস্যের বাসভবনে হামলাসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।






















