বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

গোপালগঞ্জে নিরাপত্তায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন: ডিআইজি

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:১৭ অপরাহ্ণ


গোপালগঞ্জে নিরাপত্তায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন: ডিআইজি

গোপালগঞ্জ জেলার সার্বিক জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, জনশৃঙ্খলা বজায় রাখা, সরকারি সম্পদ রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট পুলিশ বক্সের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, গোপালগঞ্জ পৌরসভাসহ জেলার চারটি উপজেলার প্রতিটি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দুই হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছেন। সকাল থেকেই জেলার জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গতকালের এসব ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলার পাঁচটি থানায় এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত ও আইনগত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিরপরাধ কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

Link Copied